
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলার বাগাদীতে গ্রামীণ ব্যাংকের ভবনে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে ভবনের দ্বিতীয় তলার দুটি কক্ষের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ২৪ অক্টোবর গভীর রাতে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের উত্তর ইউনিটের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে অল্পের জন্য রক্ষা পান ব্যাংকের দুজন কর্মকর্তা-কর্মচারী। ফায়ার সার্ভিসের দ্রুত উপস্থিতির কারণে জানমালসহ বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় প্রতিষ্ঠানটি।
গ্রামীণ ব্যাংকের চাঁদপুর জোনাল ম্যানেজার তাপস আচার্য জানান, রাত আনুমানিক সোয়া ৩টার দিকে তাঁদের নাইট গার্ড নিত্য শাখা ব্যবস্থাপককে ঘটনাটি জানান। তাঁর ভাষ্যমতে, কে বা কারা জানালা দিয়ে ঢিল ছোড়ার মতো কিছু একটা নিক্ষেপ করে। পরে শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান তাঁকে আগুন লাগার বিষয়টি জানান। তিনি শাখা ব্যবস্থাপককে ফায়ার সার্ভিসে খবর দেওয়াসহ দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তাপস আচার্য আরও জানান, তিনি পূজার ছুটিতে ঢাকায় ছিলেন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছুটি বাতিল করে চাঁদপুরে চলে আসছেন। এ ঘটনায় ভবনের দ্বিতীয় তলার আসবাবপত্র পুড়ে গেছে। এটি পেট্রোল বোমা কি না, তা আইনগত তদন্তের পর জানা যাবে। তবে কোনো হতাহত বা নথিপত্রের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি।
চাঁদপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, তাদের তাৎক্ষণিক প্রচেষ্টায় ভোর ৩টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ভোর ৪টা ১০ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়। এতে আগুনের বিস্তার রোধ করা সম্ভব হয় এবং ব্যাংকের অন্যান্য সম্পদ বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়।
অগ্নিকাণ্ডে প্রতিষ্ঠানটির আনুমানিক এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে, ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় ১০ লাখ টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় তদন্ত করা দরকার বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



