চাঁদপুরে তাবলীগ জামাতের ইজতেমা : জুমার নামাজে ১০ সহস্রাধিক মুসল্লি

চাঁদপুর খবর রিপোর্ট : দ্বীনের দাওয়াত, ঈমানি মেহনত ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে চাঁদপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী তাবলীগ জামাতের জেলা ইজতেমা। শুক্রবার (২৩ অক্টোবর) ইজতেমার দ্বিতীয় দিনে জুমার নামাজে ১০ সহস্রাধিক মুসল্লি অংশ নেন। নামাজ শেষে মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

তাবলীগ জামাতের আয়োজনে ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত চাঁদপুর শহরের পুরানবাজার দোকানঘর এলাকার মেঘনা নদীর পাড়ে এ ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিদের আগমন শুরু হয়। তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইজতেমার মাঠে প্যান্ডেল নির্মাণসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়।

তাবলীগ জামাতের চাঁদপুর জেলার জিম্মাদার মো. আরিফ উল্লাহ জানান, ২২ অক্টোবর শুরু হওয়া তিন দিনব্যাপী এ জেলা ইজতেমা শনিবার (২৪ অক্টোবর) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। ইজতেমায় চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নিচ্ছেন। এছাড়াও সৈয়দ ওয়াসিফুল ইসলাম বাংলাদেশের তাবলিগ জামাতের মাওলানা সাদ কান্ধলভীপন্থী (সাদপন্থী) অংশের বর্তমান আমির এবং কাকরাইল মসজিদের অন্যতম শীর্ষ মুরুব্বি উপস্থিত ছিলেন।

তিন দিনব্যাপী এ আয়োজনে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে বয়ান, জিকির-আসকারসহ বিভিন্ন ধর্মীয় কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। শেষ দিনে আখেরি মোনাজাতের মাধ্যমে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করা হবে।

এদিকে গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) চাঁদপুর শহরের পুরানবাজার দোকানঘর এলাকার মেঘনা নদীর পাড়ে আয়োজিত তিন দিনব্যাপী জেলা ইজতেমা মাঠ পরিদর্শন করেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। এ সময় তিনি ইজতেমা মাঠে পবিত্র জুমার নামাজ আদায় করেন। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর নৌ-পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম, প্রথম আলোর চাঁদপুর জেলা প্রতিনিধি আলম পলাশসহ সাংবাদিক ও সূধী বৃন্দ।

এ ছাড়া চাঁদপুর প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সুধীজন ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর