চাঁদপুর জেলা ইজতেমা পরিদর্শণে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

চাঁদপুর খবর রিপোর্ট: চাঁদপুর জেলা ইজতেমা পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। এ সময় তিনি ইজতেমা মাঠে পবিত্র জুমার নামাজ আদায় করেন।

গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) চাঁদপুর শহরের পুরানবাজার দোকানঘর এলাকার মেঘনা নদীর পাড়ে আয়োজিত তিন দিনব্যাপী জেলা ইজতেমা মাঠ পরিদর্শন করেন জেলা প্রশাসক। সেখানে তিনি জুমার নামাজ আদায় করেন এবং ইজতেমার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর নৌ-পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি বিএম হান্নান,প্রথম আলোর চাঁদপুর জেলা প্রতিনিধি আলম পলাশসহ সাংবাদিক ও সূধী বৃন্দ। এ ছাড়া চাঁদপুর প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সুধীজন ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, দ্বীনের দাওয়াত, ঈমানি মেহনত ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে চাঁদপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী তাবলীগ জামাতের জেলা ইজতেমা। শুক্রবার (২৩ অক্টোবর) ইজতেমার দ্বিতীয় দিনে পবিত্র জুমার নামাজে ১০ সহস্রাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজ শেষে মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করা হয়। বৃহস্পতিবার সকাল থেকেই চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা মাঠে সমবেত হতে শুরু করেন।

মুসল্লিদের অংশগ্রহণে মাঠে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। ইজতেমায় পবিত্র কোরআন ও হাদিসের আলোকে বয়ান, জিকির-আসকার এবং দ্বীনের দাওয়াতসংক্রান্ত বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়াও সৈয়দ ওয়াসিফুল ইসলাম বাংলাদেশের তাবলিগ জামাতের মাওলানা সাদ কান্ধলভীপন্থী (সাদপন্থী) অংশের বর্তমান আমির এবং কাকরাইল মসজিদের অন্যতম শীর্ষ মুরুব্বি উপস্থিত ছিলেন।

তাবলীগ জামাতের চাঁদপুর জেলার জিম্মাদার মো. আরিফ উল্লাহ জানান, শনিবার (২৪ অক্টোবর) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ জেলা ইজতেমার সমাপ্তি ঘটবে। আখেরি মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য ও কল্যাণ কামনা করা হবে।

সম্পর্কিত খবর