
চাঁদপুর খবর ডেক্স : উৎসবমুখর পরিবেশে কুর্মিটোলা গলফ কোর্সে শুরু হয়েছে ‘৯ম ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট-২০২৬’। তিন দিনব্যাপী এ টুর্নামেন্ট ২২ থেকে ২৪ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক এবং ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান। উদ্বোধনী অনুষ্ঠানে টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের পাশাপাশি কুর্মিটোলা গলফ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল, ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. নাদির বিন আলী, প্রকল্প পরিচালক (উন্নয়ন) মেজর মো. আরমান আলী ভূঁইয়া (অব.) এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট সামরিক-বেসামরিক কর্মকর্তারা।
এ টুর্নামেন্টে কুর্মিটোলা গলফ ক্লাবের দেশি-বিদেশি সদস্যসহ দেশের বিভিন্ন গলফ ক্লাবের ৬৫০ জনেরও বেশি গলফার অংশগ্রহণ করছেন। টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে আগামী ২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করবেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ও কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, পিএসসি।



