হাজীগঞ্জে বিপুল পরিমাণ কারেন্ট জাল, রিং জাল ও আতশবাজি জব্দ : গুদাম সিলগালা

হাজীগঞ্জ প্রতিনিধি : চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের স্বর্ণকার পট্টি, বণিক পট্টি ও কাপুড়িয়া পট্টিসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল, রিং জাল এবং আতশবাজি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

একই সঙ্গে অবৈধ আতশবাজি মজুদ রাখার অপরাধে দুটি গুদামঘর সিলগালা করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালনা করা এই অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন। অভিযানে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), ফায়ার সার্ভিস ও হাজীগঞ্জ থানা পুলিশের একটি দল সহায়তা প্রদান করে। আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে হাজীগঞ্জ বাজারের স্বর্ণকার পট্টি ও সংলগ্ন গলির বেশ কটি গুদামে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে স্বর্ণকার পট্টি ও ট্রাক রোড এলাকার দুটি গুদাম থেকে ১৩ বস্তা ও ২ কার্টুন বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ দাহ্য বস্তু এবং আতশবাজি জব্দ করা হয়। যার মধ্যে ছিল রকেট, কিটক্যাট, চরকি ও তারাবাতি। পরে বিস্ফোরক অধিদপ্তরের মাধ্যমে নিরাপদ নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট গুদাম দুটি সিলগালা করে দেওয়া হয়।

পরবর্তীতে বাজারের কাপুড়িয়া পট্টির কয়েকটি দোকান ও গুদামে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেখান থেকে সরকারিভাবে নিষিদ্ধ প্রায় ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ২ বস্তা রিং জাল জব্দ করা হয়।

জব্দকৃত জালগুলো পরবর্তীতে অগ্নিসংযোগ করে বিনষ্ট করা হয়েছে। স্থানীয় একটি সূত্র জানায়, আসন্ন লক্ষ্মীপূজাকে কেন্দ্র করে অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে এসব আতশবাজি গুদামজাত করা হয়েছিল। অভিযানশেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন জানান, জনস্বার্থে ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর