
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডায় অটোরিকশাচালক হাফিজুল শিকদার হত্যা মামলায় দু দিনের রিমান্ড শেষে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) রিমান্ডশেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে পুলিশ।
মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ও বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) রিদুয়ানুল হক। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতের বাড্ডা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, গত ২০২৫ সালের ৩ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত এ মামলায় ডা. দীপু মনির দু দিনের রিমান্ড মঞ্জুজুর করেছিলেন। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) মামলা থাকা এবং অন্যান্য মামলায় রিমান্ড ও হাজিরা থাকায় সে সময় তাকে এ মামলায় রিমান্ডে নেওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে চলতি বছরের অক্টোবর মাসে মামলার তদন্তকারী কর্মকর্তা রিমান্ড কার্যকরের জন্য আদালতে আবেদন জানালে আদালত ১৫ কার্যদিবসের মধ্যে রিমান্ড সম্পন্নের নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী, গত বুধবার জিজ্ঞাসাবাদের জন্য ডা. দীপু মনিকে দুই দিনের রিমান্ডে নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডা এলাকায় অংশ নেন অটোরিকশাচালক হাফিজুল শিকদার। বেলা ৩টার দিকে আসামিদের ছোড়া গুলিতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় নিহত হাফিজুলের বাবা আবু বক্কর শিকদার বাদী হয়ে একই বছরের ২১ আগস্ট বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।



