
চাঁদপুর খবর রিপোর্ট : আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী চাঁদপুর জেলা ইজতেমা। শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টায় হেদায়েতি বয়ান শেষে মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের আমির মাওলানা শামসুদ্দিন। এ সময় হাজারো মুসল্লির ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মেঘনাপাড়ের ইজতেমা ময়দান।
এর আগে গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে চাঁদপুর শহরের পুরানবাজারের দোকানঘর এলাকায় মেঘনা নদীর তীরে এ ইজতেমা শুরু হয়।
তিন দিনব্যাপী এ আয়োজনে চাঁদপুর জেলাসহ পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। ইজতেমায় কোরআন ও হাদিসের আলোকে প্রবীণ আলেমদের বয়ান, জিকির-আজকার ও বিশেষ তালিম অনুষ্ঠিত হয়। আখেরি মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।
ইজতেমার সার্বিক ব্যবস্থাপনা প্রসঙ্গে তাবলিগ জামাতের চাঁদপুর জেলার জিম্মাদার মো. আরিফ উল্লাহ বলেন, “নিজামুদ্দিনের মূল ধারার তত্ত্বাবধানে ইজতেমার সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ধর্মপ্রাণ মানুষের বিপুল উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার সফল সমাপ্তি ঘটে।”



