চাঁদপুর মাঠে ফকিরাপুলকে হারিয়ে রহমতগঞ্জের জয়

স্টাফ রিপোটার: বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বাংলাদেশ ফুটবল লিগ ২০২৬-২৭-এর এক রোমাঞ্চকর ম্যাচ অনুষ্ঠিত হয়েছে চাঁদপুর স্টেডিয়ামে ।

শুক্রবার (২৩ অক্টোবর ) চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত আক্রমণ ও পাল্টা-আক্রমণে ভরপুর এই হাইভোল্টেজ ভাইটাল ম্যাচে ফকিরাপুল ইয়ংমেন্স ক্লাবকে ৩-২ গোলে হারিয়ে নাটকীয় জয় তুলে নিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।

শুক্রবার চাঁদপুর স্টেডিয়ামের গ্যালারি কানায় কানায় পূর্ণ ছিল ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতিতে। ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণের ধার বাড়িয়ে খেলতে থাকে। খেলার ২০ মিনিটে প্রথম সাফল্যের মুখ দেখে ফকিরাপুল। সোলেমান সিলার চমৎকার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ফকিরাপুল । প্রথময়ার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় দু’দল।

দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে রহমতগঞ্জ। ম্যাচের ৫৬ মিনিটে কাঙ্ক্ষিত সেই গোল এনে দেন রহমতগঞ্জের ফরোয়ার্ড সাজ্জাদ হোসেন। সাজ্জাদের নিখুঁত ফিনিশিংয়ে ম্যাচে ১-১ ব্যবধানে সমতা ফিরে আসে। সমতায় ফেরার পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে রহমতগঞ্জ। এর ফলশ্রুতিতে ৬৫ মিনিটে রহমতগঞ্জের বিদেশি ফুটবলার অভিষেক অসাধারণ এক গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন।

তবে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি ফকিরাপুল। ৭১ মিনিটে রহমতগঞ্জের ডি-বক্সের ভেতরে ফকিরাপুলের সোলেমান শিলা ফাউলের শিকার হলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে ঠাণ্ডা মাথার শটে নিজের ও দলের দ্বিতীয় গোল করে ফকিরাপুলকে ২-২ ব্যবধানে পুনরায় সমতায় ফেরান শিলা।
ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে (৯০ মিনিটে) ঘটে নাটকীয় ঘটনা। রহমতগঞ্জের ৯০ নম্বর জার্সি পরিহিত স্ট্রাইকার ইব্রাহিম সানে এক দর্শনীয় গোল করে পুরো স্টেডিয়ামকে উল্লাসে ভাসান। তাঁর এই জয়সূচক গোলে ৩-২ ব্যবধানের এক অবিস্মরণীয় জয় নিয়ে মাঠ ছাড়ে রহমতগঞ্জ।

দুর্দান্ত ফুটবল নৈপুণ্য, চোখ ধাঁধানো গোল এবং হাজারো দর্শকের করতালিতে চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ ফুটবল লিগের এই ম্যাচটি দীর্ঘদিন ফুটবলপ্রেমীদের মনে ফুটবল রোমাঞ্চের স্মৃতি হয়ে থাকবে।

সম্পর্কিত খবর