
চাঁদপুর খবর রিপোর্ট: চাঁদপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের আলিমপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ আখতারুজ্জামান খোকার নাম ও ছবি ব্যবহার করে বিভিন্ন ফেসবুক গ্রুপ ও পেজে মানহানিকর ও অসম্মানজনক অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। তিনি শহীদ জাবেদ মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক ও চাঁদপুর জেলা স্কাউটস এছাড়াও তিনি পুরানবাজার ডিগ্রি কলেজের শরীরচর্চা শিক্ষক।
এ ঘটনায় জাহিদুল ইসলাম ফাহিম (২৬) নামের এক ব্যক্তিকে অভিযুক্ত করে চাঁদপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আখতারুজ্জামান। গত শুক্রবার (২৩ অক্টোবর) তিনি এ অভিযোগ দায়ের করেন। অভিযোগে আখতারুজ্জামানের পিতার নাম মো. আব্দুর রব উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ‘চাঁদপুর স্কাউটস পরিবার’ নামের একটি ফেসবুক গ্রুপ এবং ‘Scouting For 24/7’ ও ‘Integrity Network’ নামের ফেসবুক পেজসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তাঁর নাম ও ছবি ব্যবহার করে মানহানিকর ও অসম্মানজনক পোস্ট প্রকাশ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন আখতারুজ্জামান। অভিযোগে তিনি উল্লেখ করেন, এসব পোস্ট তাঁর আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের নজরে এসেছে। অভিযুক্ত ব্যক্তি ছাড়াও আরও কয়েকজন এ কর্মকাণ্ডে জড়িত রয়েছেন বলে তিনি অভিযোগে উল্লেখ করেন। পাশাপাশি, সংশ্লিষ্ট পোস্টগুলোতে তাঁর জানমালের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
আখতারুজ্জামানের দাবি, এ ধরনের প্রচার তাঁর ব্যক্তিগত ও সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ন করার পাশাপাশি তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের বিব্রতকর এবং মানসিক অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে ফেলেছে। অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, স্কাউটিংয়ের আদর্শ, নৈতিকতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের চেতনার সঙ্গে এ ধরনের কর্মকাণ্ড সামঞ্জস্যপূর্ণ নয়। বিষয়টি যথাযথভাবে যাচাই করে প্রয়োজনীয় আইনগত ও সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হলে স্কাউটিং পরিবারের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক সম্মান ও শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক হবে বলে তিনি মনে করেন।
এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে পুলিশের পরবর্তী পদক্ষেপ এবং অভিযুক্ত ব্যক্তির বক্তব্য জানা গেলে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। অভিযোগের বিষয়ে পুলিশের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।



