চাঁদপুরে দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর-৩ আসনের সংসদস সদস্য, বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি বলেছেন, দৈনিক কালবেলা সব সময়ই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে থাকে। এটি বাংলাদেশের একটি ব্যতিক্রমধর্মী পত্রিকা। তিনি নিজেও নিয়মিত কালবেলা পড়েন এবং পত্রিকাটির একজন পাঠক।

শুক্রবার (১৬ অক্টোবর) রাতে চাঁদপুর শহরের মুনিরা ভবনের হলরুমে দৈনিক কালবেলার চাঁদপুর জেলা প্রতিনিধির আয়োজনে পত্রিকাটির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, কালবেলা নিষ্ঠার সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে—এটাই আমাদের বিশ্বাস। পত্রিকাটি যত দিন প্রকাশিত হবে, তত দিন সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন অব্যাহত রাখবে বলে আমরা প্রত্যাশা করি।

বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, কালবেলা দেশের অন্যতম ব্যতিক্রমধর্মী ও জননন্দিত পত্রিকা। কালবেলার এই প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রত্যাশা করছি, পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে এবং অনন্তকাল মানুষের মাঝে বেঁচে থাকবে। একই সঙ্গে পত্রিকাটি জনমানুষের কথা বলবে এবং সাধারণ মানুষের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরবে। তিনি কালবেলার উত্তরোত্তর সফলতা কামনা করেন।

দৈনিক কালবেলার চাঁদপুর জেলা প্রতিনিধি সাংবাদিক অমরেশ দত্ত জয়ের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার। তিনি বলেন, দৈনিক কালবেলা বাংলাদেশের অন্যতম প্রধান পত্রিকা। পত্রিকাটি সব সময় বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। বর্তমান তারেক রহমানের সরকার মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে। কালবেলার মতো পত্রিকাগুলো যত দিন মানুষের পক্ষে ও সত্যের পক্ষে সংবাদ প্রকাশ করবে, তত দিন বাংলাদেশ সঠিক পথে এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাওন পাটোয়ারী, জেলা মহিলা ঐক্য পরিষদের আহ্বায়ক শিপ্রা মজুমদার ও সদস্যসচিব সাবিত্রী রানী ঘোষ, কবি ও লেখক রফিকুজ্জামান রণি, পৌর মহিলা দলের নেত্রী ঈশিতা মাসুদ, চাঁদপুর জেলা ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক স্বাধীন দত্ত ও সদস্যসচিব শিশির চন্দ্র শীল, পৌর যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অপু দাস, কালবেলার হাইমচর প্রতিনিধি শিমুল অধিকারী, সাংবাদিক শেখ আল মামুন, সুজন চৌধুরীসহ পত্রিকাটির পাঠক ও শুভানুধ্যায়ীরা।

সম্পর্কিত খবর