চাঁদপুরে দুর্গাপূজার নিরাপত্তা জোরদারে মণ্ডপ পরিদর্শণে ডিআইজি আব্দুল কুদ্দুছ

বিশেষ প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা–২০২৬ উপলক্ষে চাঁদপুরের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম। শুক্রবার (১৬ অক্টোবর) তিনি রাতে চাঁদপুর শহরের শ্রীশ্রী কালীমন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় তিনি মন্দিরসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুর জেলার প্রতিটি পূজামণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে । জেলা থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অত্যন্ত নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

তিনি আরও বলেন, পূজাকে কেন্দ্র করে মাদকবিরোধী ও কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি অবৈধ যানবাহন ও চাঁদাবাজির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। উৎসবের পরিবেশে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

ডিআইজি বলেন, পূজার প্রথম দিন অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে। আগামী দিনগুলোতেও এ ধরনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশের আবহমান সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রেখে সবাইকে আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গোৎসব পালনের আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পুলিশ সুপার মো. মিজানুর রহমান, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি নরেন্দ্র নারায়ণ (পণ্ডিত স্যার), সাধারণ সম্পাদক তমাল ঘোষ, চাঁদপুর কেন্দ্রীয় কালীমন্দিরের সাধারণ সম্পাদক গোপাল সাহা, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ মালাকার,

যুগ্ম সাধারণ সম্পাদক চন্দন দে, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক ঘোষ, পৌর কমিটির সভাপতি নেপাল সাহা ও মহিলা সম্পাদিকা মাধবী সাহাসহ পূজা উদযাপন পরিষদ এবং মন্দির কমিটির নেতৃবৃন্দ। আনন্দঘন পরিবেশে ডিআইজির মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় সম্পন্ন হয়।

সম্পর্কিত খবর