
স্টাফ রিপোর্টার : বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আজ শনিবার (১৭ অক্টোবর) চাঁদপুরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন বিকেল ৪টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করেছে চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
অনুষ্ঠানে লালনসংগীত পরিবেশন করবেন শিল্পীরা। লালন শাহের জীবনদর্শন, মানবতাবাদী চেতনা ও সংগীতের ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং বাংলার লোকজ সংস্কৃতির চর্চা ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের লক্ষ্য। চাঁদপুর জেলা কালচারাল অফিসার দিতি সাহা জানান, লালন শাহের জীবনদর্শন ও সংগীতের চর্চা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং বাংলার লোকজ সংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্য সবার মধ্যে ছড়িয়ে দিতে এ আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে লালনসংগীত পরিবেশন করবেন সুমাইয়া সূচনা, হৃদয় কর্মকার, প্রিয়ন্তি রক্ষিত, শ্রাবণ দাস, বিকাশ দে, শিহাব, মমতাজ, প্রত্যাশা, মাকছুদুল ইসলাম ও সুস্মিতা বণিক। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন সিয়াম খান ও মরিয়ম মাহি। সংগীত পরিবেশনায় তবলায় স্বাধীন দত্ত, খমকে পিপল দাস, ব্যাঞ্জোতে বর্ণ, হারমোনিয়ামে স্বজন সাহা, ডুগিতে শিপন খান এবং ঢোলে রশিদ থাকবেন। অনুষ্ঠান সমন্বয় করবেন মোবারক শিকদার ও সিয়াম খান। মঞ্চসজ্জার দায়িত্বে রয়েছেন রাজীব দাস এবং আলোক-সম্পাদনায় থাকবেন লিটন ভূঁইয়া ও শান্ত সূত্রধর।
আয়োজকদের পক্ষ থেকে লালনসংগীত ও বাংলার লোকজ সংস্কৃতির প্রতি অনুরাগী সবাইকে এ সাংস্কৃতিক আয়োজনে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।




