হিফজুল কুরআন ফাউন্ডেশনের তাফসীরুল কুরআন মাহফিল উপলক্ষে পরামর্শ সভা

স্টাফ রিপোর্টার : হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের উদ্যোগে চাঁদপুরে তিন দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল-২০২৭ উপলক্ষে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বাদ মাগরিব শহরের নিউ ট্রাক রোডের আল-আমিন মডেল মাদ্রাসা মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা ইসমাইল হোসেন আজাদ।

তিনি বক্তব্যে বলেন, তাফসীরুল কুরআন মাহফিল আয়োজন করতে গিয়ে তাঁদের নানা অভিজ্ঞতা হয়েছে। এ কারণে মাহফিল চাঁদপুর শহরের হাসান আলী মাঠের পরিবর্তে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে যুক্তিসংগত ব্যাখ্যা রয়েছে। এ ছাড়া যে উদ্দেশ্যে তাঁরা কুরআনের তাফসীরের আয়োজন করেন, বক্তা নির্ধারণের ক্ষেত্রে অনেক সময় সেই উদ্দেশ্য সফল হয় না। কারণ, অনেক বক্তাই বাণিজ্যিক মনোভাব নিয়ে আসেন। মূলত তাঁরা কুরআন ও হাদিসের বাণী সমাজের মানুষের কাছে তুলে ধরতে চান। এ লক্ষ্য বাস্তবায়নে তাঁরা অটুট থাকবেন। মাহফিল বাস্তবায়নে বিগত বছরের মতো সবাই পাশে থাকবেন বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য দেন হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা আসাদুজ্জামান দেওয়ান।

তিনি বক্তব্যে মাহফিলের বিগত দিনের কার্যক্রম তুলে ধরেন এবং এ আয়োজনে যাঁরা অবদান রেখেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও এ আয়োজনে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। সভায় পরামর্শমূলক বক্তব্য দেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও সমাজসেবক আব্দুস শুক্কুর মস্তান, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফখরুল ইসলাম মাছুম, অধ্যক্ষ মাওলানা নুর মোহাম্মদ খান, মাওলানা দ্বীন ইসলাম চাঁদপুরী, চাঁদপুর জেলা কাজী সমিতির সভাপতি মাওলানা ফজলুর রহমান এবং ফাউন্ডেশনের উপদেষ্টা এমআই মমিন খান।

এ ছাড়া বক্তব্য দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন সদস্য হাফেজ মো. মাসুদ আলম, হাফেজ মো. আলাউদ্দিন, হাফেজ আবদুল করিম, মাওলানা নাছির উদ্দিন, ডা. নেছার আহমেদ, সমাজসেবক মাওলানা কবির হোসাইন, অহিদুর রহমান খান উৎপল, মুহাম্মদ আলমগীর বন্দুকসী, মো. মাহবুব জমাদার, মাওলানা ওসমান গণি, মাওলানা মুজাম্মেল হক, ফিরোজ মস্তান, মো. সফিকুর রহমান সেলিম ও আবদুল্লাহ আল মামুন। শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মো. আব্দুর রহিম এবং হামদে বারী তায়ালা পরিবেশন করেন মাওলানা ফিরুজ মামুন।

সভায় হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতা, সদস্য, সুধীজন ও মাহফিলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশন পরিচালিত আল-আমিন মডেল মাদ্রাসার সাফল্য তুলে ধরেন। আগামী দিনে এ প্রতিষ্ঠানটি যোগ্য আলেম ও সুনাগরিক গড়ে তুলতে ভূমিকা রাখবে বলে তাঁরা প্রত্যাশা ব্যক্ত করেন। এ প্রতিষ্ঠানকে কেন্দ্র করে ফাউন্ডেশন আরও বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কার্যক্রম পরিচালনা করছে।

ধর্মীয়ভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে নতুন পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান তাঁরা। পাশাপাশি তাফসীরুল কুরআন মাহফিলকে আরও প্রাণবন্ত ও অর্থবহ করে তুলতে বিভিন্ন পরামর্শ দেন বক্তারা। সবশেষে মাহফিলের সাফল্য, দেশের সুখ ও সমৃদ্ধি এবং বিশ্ব উম্মাহর শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গাছতলা দরবার শরীফের পীরজাদা খাজা তানভীর আহমেদ। আগামী ২০২৭ সালের ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি আল-আমিন মডেল মাদ্রাসা প্রাঙ্গণে তিন দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত খবর