
মতলব উত্তর প্রতিনিধি : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মা ইলিশ সংরক্ষণে পরিচালিত অভিযানে নিষিদ্ধ সময়ে মেঘনা নদীতে মাছ শিকারের অভিযোগে ১৭ জেলেকে আটক করেছে মোহনপুর নৌপুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রথম প্রহরে মেঘনা নদীর বাহেরচর ও নাসিরারচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাছ ধরার কাজে ব্যবহৃত চারটি নৌকা ও ১ হাজার ৪০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
এ ছাড়া মতলব উত্তরের একটি মৎস্য আড়ত থেকে জব্দ করা ৩৫ কেজি ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে। নৌপুলিশ সূত্রে জানা গেছে, সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে ইঞ্জিনচালিত পুরোনো কাঠের নৌকায় করে নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে ইলিশসহ অন্যান্য মাছ আহরণ করা হচ্ছিল।
এ সময় অভিযান চালিয়ে ১৭ জেলেকে আটক করা হয়। মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ (সংশোধিত ২০১৩) অনুযায়ী পৃথক সাতটি মামলা দায়ের করা হয়েছে। পরে ১৭ জনকে আদালতে সোপর্দ করা হয়।




