
তিন দিনব্যাপী ধর্মীয় সমাবেশে অংশ নেবেন হাজারো মুসল্লি
চাঁদপুর খবর রিপোর্ট: দ্বীনের দাওয়াত, আত্মশুদ্ধি ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে চাঁদপুরে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। পুরানবাজার এমদাদিয়া মাদ্রাসাসংলগ্ন দোকানঘর এলাকার মেঘনা নদীর পাড়ে এ ধর্মীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। ২২, ২৩ ও ২৪ অক্টোবর তিন দিনব্যাপী এ ইজতেমাকে ঘিরে ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
তাবলিগ জামাতের উদ্যোগে আয়োজিত এ ইজতেমায় চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেবেন বলে আশা করছেন আয়োজকরা। ইজতেমা সফল করতে মাঠে প্যান্ডেল নির্মাণসহ প্রয়োজনীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। মুসল্লিদের অবস্থান, অজু ও শৌচাগারসহ প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
তাবলিগ জামাতের চাঁদপুর জেলার জিম্মাদার মো. আরিফ উল্লাহ জানান, বৃহস্পতিবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। তিন দিনব্যাপী এ আয়োজনে দেশ-বিদেশের বরেণ্য আলেম-ওলামারা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে হেদায়েতি বয়ান পেশ করবেন। বয়ানে ঈমান-আমল, দ্বীনের সঠিক শিক্ষা, আত্মশুদ্ধি এবং জিকির-আজকারের ওপর গুরুত্ব দেওয়া হবে।
আয়োজকদের প্রত্যাশা, ইজতেমায় অংশগ্রহণের মাধ্যমে মুসল্লিরা দ্বীনি শিক্ষা ও আমলের প্রতি আরও মনোযোগী হবেন এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জোরদার হবে।
সবকিছু ঠিক থাকলে আগামী শনিবার (২৪ অক্টোবর) বিশেষ আখেরি মোনাজাতের মাধ্যমে এবারের চাঁদপুর জেলা ইজতেমার সমাপ্তি ঘটবে। মোনাজাতে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হবে।
উল্লেখ্য, মেঘনা নদীর তীরবর্তী এ মাঠে এর আগেও জেলা ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ বিরতির পর আবারও একই স্থানে এ বৃহৎ ধর্মীয় সমাবেশের আয়োজন করা হয়েছে।



