শান্তিপূর্ণ দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় চাঁদপুরবাসীর প্রতি জেলা পূজা উদযাপন পরিষদের কৃতজ্ঞতা

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর জেলায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৬ সম্পন্ন হওয়ায় জেলার সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ।

একই সঙ্গে চাঁদপুর-৩ এর সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকসহ জেলার সকল সংসদ সদস্য, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,বিভিন্ন গোয়েন্দা সংস্থা, নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস, কমিউনিটি পুলিশ, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, চাঁদপুর প্রেস ক্লাব ,নেতৃবৃন্দ ,প্রিন্ট ও ইলৈকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং চাঁদপুরের সর্বস্তরের জনগণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ ছাড়া জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এবং প্রতিটি পূজামণ্ডপের আয়োজক কমিটির সদস্যদের প্রতিও আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান তাঁরা।

এক যৌথ বিবৃতিতে জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বলেন, শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী সর্ববৃহৎ ধর্মীয় উৎসব। প্রতিবছরের মতো ২০২৬ সালেও চাঁদপুর জেলায় অত্যন্ত আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হয়েছে। এ উৎসবকে নির্বিঘ্ন, নিরাপদ ও উৎসবমুখর করতে প্রশাসনের পাশাপাশি ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে চাঁদপুরের সর্বস্তরের মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

তাঁরা আরও বলেন, পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে চাঁদপুরের মানুষ আবারও সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

এ সহযোগিতা ও আন্তরিকতা আমাদের অনুপ্রাণিত করেছে। দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাঁদের সবার প্রতি আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

বিবৃতিতে তাঁরা ভবিষ্যতেও চাঁদপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও সহাবস্থানের পরিবেশ অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সম্পর্কিত খবর