ফরিদগঞ্জে ছুটি থেকে অনুপস্থিতির অভিযোগে সেনাসদস্য ইয়াসিনকে গ্রেপ্তারের পরোয়ানা জারি

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সেনাবাহিনীর সাভার সেনানিবাসে কর্মরত সৈনিক ইয়াসিন আরাফাত বাঁধন ছুটি থেকে অনুপস্থিত থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এ-সংক্রান্ত একটি প্রশাসনিক ও গোয়েন্দা বিজ্ঞপ্তি ২০২১ সালের ২২ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছিল বলে সংশ্লিষ্ট নথিতে উল্লেখ রয়েছে।

নথি অনুযায়ী, ইয়াসিন আরাফাত বাঁধন বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ ডিভিশনের লোকেটিং ব্যাটারি আর্টিলারিতে কর্মরত ছিলেন। তাঁর সেনা নম্বর ১২৪৪৪৩৩ এবং পদবি সৈনিক ওসিইউ বলে উল্লেখ করা হয়েছে।

নথিতে তাঁর বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার বাঘড়া বাজার-সংলগ্ন সোবান গ্রামে বলে উল্লেখ রয়েছে। তাঁর পিতার নাম শাহ ইমরান।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২০ সালের ৮ অক্টোবর ছুটি থেকে কর্মস্থলে প্রত্যাবর্তনের পর ২০২১ সালের ১১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা থেকে তিনি অনুমতি ছাড়া অনুপস্থিত রয়েছেন বলে নথিতে উল্লেখ করা হয়। এ সময় তিনি কোনো অস্ত্র বা গোলাবারুদ সঙ্গে নেননি বলেও নথিতে উল্লেখ রয়েছে।

তাঁর অনুপস্থিতির বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাঁকে খুঁজে বের করে সংশ্লিষ্ট সামরিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের লক্ষ্যে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), চাঁদপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সেনা সদরের সংশ্লিষ্ট দপ্তরে বিজ্ঞপ্তির অনুলিপি পাঠানোর কথা উল্লেখ রয়েছে।

সম্পর্কিত খবর