পূজায় স্পিরিটের অপব্যবহার রোধে হাজীগঞ্জে দু’দিন বন্ধ সব হোমিও চেম্বার

স্টাফ রিপোর্টার : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রেকটিফায়েড স্পিরিটের অপব্যবহার রোধ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ পদক্ষেপ নিয়েছে হাজীগঞ্জ উপজেলা প্রশাসন। উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে মঙ্গল ও বুধবার (২০ ও ২১ অক্টোবর ২০২৬) উপজেলার সব হোমিওপ্যাথিক ওষুধের দোকান ও চিকিৎসকদের চেম্বার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে, যা মঙ্গলবার থেকে কার্যকর করা হয়েছে।

জানা গেছে, দুর্গাপূজা চলাকালে অ্যালকোহল ও হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত রেকটিফায়েড স্পিরিটের অনিয়ন্ত্রিত ব্যবহার কিংবা অপব্যবহার রোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নির্দেশনা অনুযায়ী উল্লেখিত দুদিন উপজেলার সব পাইকারি ও খুচরা হোমিওপ্যাথিক ওষুধের দোকান এবং চেম্বার পুরোপুরি বন্ধ থাকছে। এদিকে প্রশাসনের নির্দেশনা বাস্তবায়নে মঙ্গলবার সকাল থেকে হাজীগঞ্জ বাজার এলাকায় তদারকি কার্যক্রম পরিচালনা করেছে পৌরসভা কর্তৃপক্ষ। পৌরসভার বাজার পরিদর্শক খাজা সাফিউল বাসার রুজমনের নেতৃত্বে একটি দল সরেজমিনে পরিদর্শন করে হোমিও ওষুধের দোকান ও চেম্বারগুলো বন্ধ রাখার বিষয়টি পর্যবেক্ষণ করেন। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওসার আলম ভূঁইয়া জানান, শারদীয় দুর্গাপূজা আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, “পূজা চলাকালে যেনো কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকল হোমিওপ্যাথিক ওষুধ ব্যবসায়ী এবং সংশ্লিষ্টদের প্রশাসনের এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানানো হচ্ছে।”

সম্পর্কিত খবর