মতলব উত্তরে নিখোঁজ মাদ্রাসাছাত্র সাফায়েতকে উদ্ধার করল পুলিশ

চাঁদপুর খবর রিপোর্ট: চাঁদপুরের মতলব দক্ষিণ থেকে নিখোঁজ হওয়া ১০ বছর বয়সী মাদ্রাসাছাত্র সাফায়েত ইসলামকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চঘাট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

চাঁদপুর জেলা পুলিশের তৎপরতায় দীর্ঘদিন পর শিশুটিকে উদ্ধারের এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির পরিবারের মধ্যে স্বস্তি ফিরে আসার প্রত্যাশা করা হচ্ছে।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১১টা ১০ মিনিটে চাঁদপুরের মতলব দক্ষিণ থানাধীন ধনার পাড়া এলাকা থেকে সাফায়েত ইসলাম নিখোঁজ হয়। এ ঘটনায় তার বাবা সাবের ইসলাম ৮ সেপ্টেম্বর মতলব দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর ৩৭০।

ঘটনাটির গুরুত্ব বিবেচনায় চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও সংশ্লিষ্ট সার্কেলের সার্কেল অফিসার জাবির হোসেন তানিমের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একাধিক দল শিশুটিকে উদ্ধারে বিভিন্ন স্থানে অনুসন্ধান চালায়।

এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চঘাট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

ঢাকা থেকে চট্টগ্রামে নেওয়ার অভিযোগ :

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটি জানায়, সে একটি মাদ্রাসায় পড়াশোনা করত। পরিবারের সঙ্গে রাগ করে বাড়ি থেকে ঢাকায় চলে যায়। পরে ঢাকায় এক ব্যক্তির মাধ্যমে কাজের প্রলোভনে লঞ্চযোগে তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয় বলে সে জানায়।

চট্টগ্রামে কিছুদিন কাজ করার পর সেখান থেকে পালিয়ে ট্রেনযোগে ঢাকার কমলাপুরে আসে শিশুটি। পরে ঢাকা থেকে নারায়ণগঞ্জ হয়ে মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চঘাটগামী একটি লঞ্চে ওঠে। ওই সময় পুলিশ তাকে উদ্ধার করে।

শিশুটিকে পরিবারের কাছে নিরাপদে ফিরিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বুধবার (২১ অক্টোবর) চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সম্পর্কিত খবর