
চাঁদপুর খবর রিপোর্ট: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চাঁদপুর জেলা ইউনিট কমান্ডের আয়োজনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এ প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চাঁদপুর জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শহীদুল আলম রব।
লিখিত বক্তব্যে তিনি বলেন, চাঁদপুর জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শহীদুল আলম রবের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো ভিত্তিহীন, বিভ্রান্তিকর, অসত্য, অসৌজন্যমূলক ও মানহানিকর। ২০২৬ সালের ১২ মার্চ, ১১ আগস্ট ও ২০ আগস্ট তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করা হয়। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলার প্রতিটি উপজেলা কমান্ডের নেতৃত্বে এবং ইউনিয়ন কমান্ডের প্রতিনিধিদের অংশগ্রহণে একাধিক তদন্ত সভা অনুষ্ঠিত হয়।
সার্বিক তদন্ত ও পর্যালোচনা শেষে অভিযোগগুলোর সত্যতা পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি। প্রেস ব্রিফিংয়ে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্দেশনা এবং জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের রক্ষণাবেক্ষণ ও পরিচালনা-সংক্রান্ত বিষয়গুলো তুলে ধরা হয়। শহীদুল আলম রব জানান, ২০২৫ সালের ২ আগস্ট বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মাধ্যমে জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পর তিনি জেলা ইউনিট কমান্ডের সদস্যদের নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের বিভিন্ন অনিয়ম তদন্তের জন্য লিখিতভাবে অনুরোধ জানানো হয়।
ওই আবেদনের অনুলিপি সংশ্লিষ্ট ১০টি দপ্তরে পাঠানো হয়। এর ধারাবাহিকতায় বাংলাদেশ কৃষি ব্যাংকের হিসাব নম্বর ২৫০১-০৩১০১০৯০৭৬-এর আর্থিক লেনদেনের প্রতিবেদন এবং পূর্বে দাখিল করা বিভিন্ন আবেদনের কাগজপত্র সাংবাদিকদের সামনে উপস্থাপন করা হয়। প্রেস ব্রিফিংয়ে জেলা ইউনিট কমান্ডের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক ডা. কাজী হাশেম (বহিষ্কারের তারিখ: ৯ ফেব্রুয়ারি ২০২৬) এবং মতলব উপজেলা কমান্ডের বহিষ্কৃত আহ্বায়ক ইঞ্জিনিয়ার জসিম উদ্দীনের (বহিষ্কারের তারিখ: ১৯ মে ২০২৬) সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। তাঁদের বিষয়ে ফোনবার্তা, খুদে বার্তা,
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্ট, যুদ্ধকালীন কমান্ডার-সংক্রান্ত তথ্য, বিতর্কিত আলোকচিত্র ও রেকর্ড করা কথোপকথন উপস্থাপন করা হয়। লিখিত বক্তব্যে আরও বলা হয়, অভিযোগ ও আর্থিক অনিয়মের বিষয়ে কোনো তথ্য বিকৃত করা, বক্তব্যের অর্থ পরিবর্তন করা, সংবাদ পরিবর্তন করা কিংবা রাজনৈতিক প্রভাব খাটিয়ে সুবিধা নেওয়ার চেষ্টা হলে তা পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন। মুক্তিযোদ্ধাদের স্পর্শকাতর ও বিতর্কিত বিষয়গুলো সরকারি প্রজ্ঞাপন এবং মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী যাচাই-বাছাই করে প্রচারের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। প্রেস ব্রিফিংয়ে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে অভিযোগের কপি, আর্থিক লেনদেনের নথি ও অন্যান্য প্রমাণাদিসহ মোট ৩০ পৃষ্ঠার সংযুক্তি সাংবাদিকদের হাতে তুলে দেওয়া হয়। সভায় সভাপতির বক্তব্যে রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফের সঞ্চালনায় প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ব্যাংকার মো. মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার, মো. সলেমান প্রধানীয়া, আ. হাই, বীর প্রতীক বাচ্চু মিয়া, বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজদার, এ কে এম তাহেরুল ইসলাম, মো. আবু তাহের, আব্দুস সামাদ, জয়নাল আবেদীন, আব্দুল হামিদ, এ কে এম জাহাঙ্গীর আলম, আব্দুস সাত্তার, গিয়াউদ্দিন প্রধান, ইঞ্জিনিয়ার মো. আবু তাহের, আব্দুল মন্নান,
মো. শাহজাহান পাটোয়ারী, মো. আব্দুল বারী বকাউল, আইয়ুব আলী মোল্লা, মো. ছানাউল্লাহ খান, মো. আবুল খায়ের, ওসমান গনি পাটোয়ারী, দেওয়ান সিরাজুল ইসলাম, কাজী হুমায়ুন কবির, মো. আবুল বাশার, মো. সেলিম খান, দেলোয়ার হোসেন পাটোয়ারী, শাহাদাৎ হোসেন পাটোয়ারী ও সুলতান আহমেদ। সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে বক্তব্য দেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, দৈনিক চাঁদপুর দর্পণের ভারপ্রাপ্ত সম্পাদক শরীফ চৌধুরী, দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি আলম পলাশ, সময় টিভির নিজস্ব প্রতিবেদক ফারুক আহম্মেদ, দৈনিক যুগান্তরের চাঁদপুর জেলা প্রতিনিধি মির্জা জাকির, ইন্ডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু এবং এনটিভির চাঁদপুর প্রতিনিধি শরীফুল ইসলাম।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ দাবি করেন, বহিষ্কৃত দুই নেতা ও সাবেক জেলা কমান্ডার এম এ ওয়াদুদসহ কয়েকজন ব্যক্তি শহীদুল আলম রবের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছেন। তাঁদের দাবি, এসব কর্মকাণ্ডের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। তাঁরা এ বিষয়ে বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।




