বিষ্ণুদীতে ফেসবুক পোস্ট নিয়ে বিরোধ : কুপিয়ে-পিটিয়ে জখম, থানায় মামলা

বিশেষ প্রতিনিধি: চাঁদপুর সদর মডেল থানাধীন বিষ্ণুদী এলাকায় পারিবারিক বিরোধ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে মারধর, হামলা ও ছিনতাইয়ের পৃথক ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একই পরিবারের ৪ জনের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ আগস্ট রাতে বিষ্ণুদী রোডের ব্রিজের ওপর বাবুল মিজি (৫৫) নামের এক ব্যক্তিকে সংঘবদ্ধভাবে কিল, ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করা হয়। বাবুল মিজির অভিযোগ, ফেসবুকে একটি পোস্ট এবং তুচ্ছ বিষয় নিয়ে বিরোধের জেরে তার চার ভাতিজা—মানিক মিজি (৪৫), রুবেল মিজি (৩৫), রতন মিজি (৪০) ও রায়হান মিজি (৩০) তার ওপর হামলা চালায়।

হামলায় বাবুল মিজি ও তাকে বাঁচাতে আসা ১নং সাক্ষী রক্তাক্ত ও গুরুতর জখম হন। ঘটনার পর তাদের চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় হামলাকারীরা ১২ আনা ওজনের একটি স্বর্ণের চেইনও ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অপরদিকে, ১২ আগস্ট দুপুরে একই বিবাদীদের বিরুদ্ধে বসতঘরে ঢুকে রেশমা বেগম (২৭) নামে এক গৃহবধূ ও তার ছোট বাচ্চাকে মারধর এবং হুমকির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী বাবুল মিজি ও রেশমা বেগম বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় পৃথক অভিযোগ দায়ের করেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারটি।

সম্পর্কিত খবর