
চাঁদপুর খবর রিপোর্ট ॥ জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে জনগণের কল্যাণে যেকোনো কাজের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরপ্রধানদের তাঁকে অবহিত করার নির্দেশ দিয়েছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। তিনি বলেন, জনগণের স্বার্থসংশ্লিষ্ট যেকোনো কাজের ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মানুষের সমস্যা ও দুর্ভোগের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
রোববার (১৮ অক্টোবর) চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় এমপি মানিক ওএমএসের চাল বিতরণে অনিয়মের অভিযোগ তদন্ত করে দায়ী ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, শহরের পরিচ্ছন্নতা রক্ষা, খাল দখলমুক্ত করা, বিদ্যুৎ সরবরাহের সমস্যা চিহ্নিত করা, সড়ক নির্মাণে প্রতিবন্ধকতা দূর করা, পাসপোর্ট অফিসে হয়রানি বন্ধ এবং মা ইলিশ রক্ষায় প্রশাসনিক নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
ওএমএসের চাল বিতরণে অনিয়ম বন্ধের নির্দেশ
ওএমএসের চাল সঠিকভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না বলে অভিযোগ তুলে সংসদ সদস্য বলেন, এ বিষয়ে তদন্ত করতে হবে। অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ডিলারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, যাতে প্রকৃত উপকারভোগীরা সরকারি খাদ্যসহায়তা পান।
খাল দখলমুক্ত ও শহর পরিচ্ছন্ন রাখার তাগিদ
চাঁদপুর শহরের এসবি খাল দখলমুক্ত করার নির্দেশ দিয়ে তিনি বলেন, যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ ও নগরের পরিচ্ছন্নতা নষ্ট করা যাবে না। যারা এ ধরনের কাজ করবেন, তাঁদের আইনের আওতায় আনতে হবে। দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হলে অন্যরাও সতর্ক হবেন।
শহরের বিভিন্ন স্থানে পোস্টার লাগিয়ে পরিচ্ছন্নতা নষ্ট করার বিষয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
নামাজের সময় বিদ্যুৎ বিভ্রাট কেন, জানতে চান এমপি
নামাজের সময় বিদ্যুৎ চলে যাওয়ার কারণ জানতে চান সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রকৃত কারণ অনুসন্ধান করে তাঁকে অবহিত করার নির্দেশ দেন তিনি।
এ ছাড়া হাইমচরে সড়ক নির্মাণকাজে বিদ্যুতের খুঁটি ও গাছ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে উল্লেখ করে তিনি দ্রুত এসব প্রতিবন্ধকতা অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন। হাইমচরের জরাজীর্ণ সড়কগুলোর কারণে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে জানিয়ে তিনি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
মা ইলিশ রক্ষায় নজরদারি বাড়ানোর আহ্বান
মা ইলিশ রক্ষায় প্রশাসনের নজরদারি আরও জোরদার করার নির্দেশ দিয়ে এমপি মানিক বলেন, নদীতে ব্যাপকভাবে মা ইলিশ নিধন হচ্ছে। এ অবস্থা রোধে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। নিষেধাজ্ঞা কার্যকর করা এবং ইলিশের প্রজনন রক্ষায় প্রশাসনকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান তিনি।
পাসপোর্ট অফিসকে দালালমুক্ত করার নির্দেশ
চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা নিতে আসা মানুষের ভোগান্তির বিষয়টি তুলে ধরে সংসদ সদস্য বলেন, পাসপোর্ট অফিসকে দালালমুক্ত করতে হবে। সেবাপ্রার্থীরা যাতে হয়রানি ছাড়াই সেবা পান, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দুর্নীতির সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তিনি।
শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে সতর্ক থাকার আহ্বান
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান এমপি মানিক। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি বাড়ানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
উন্নয়নের পাশাপাশি মানসিকতার পরিবর্তন জরুরি
উন্নয়ন প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়নই পরিবর্তন নয়; এর পাশাপাশি মানুষের মানসিকতারও পরিবর্তন করতে হবে। দায়িত্বশীলতা, সচেতনতা ও জনসেবার মানসিকতা নিয়ে সবাইকে কাজ করতে হবে। সরকারি দপ্তরগুলোতে জনগণ যেন কাঙ্ক্ষিত সেবা পান, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের গুরুত্ব দিতে হবে।
জনগণের দুর্ভোগ দেখতে কর্মকর্তাদের নিজ বাসায় আমন্ত্রণ
জনগণের সমস্যা ও দুর্ভোগ সরাসরি দেখার জন্য আগামী শুক্রবার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের নিজের বাসায় যাওয়ার আমন্ত্রণ জানান এমপি মানিক। তিনি বলেন, মানুষের কষ্ট ও সমস্যাগুলো সরেজমিনে দেখলে সেগুলো সমাধানে বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়া সহজ হবে।
কুকুর-বিড়ালের টিকাদান কর্মসূচি চালুর তাগিদ
শহর ও এলাকায় বেওয়ারিশ কুকুর-বিড়ালের টিকাদান কর্মসূচি গ্রহণের ওপরও গুরুত্ব দেন সংসদ সদস্য। জলাতঙ্কের ঝুঁকি কমাতে প্রয়োজনীয় টিকাদান ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান তিনি।
চাঁদপুরের সার্বিক উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন, সরকারি সেবার মান বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।




