
স্টাফ রিপোর্টার ॥ দেশজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। উৎসবের আনন্দ ও সৌহার্দ্য সবার মাঝে ছড়িয়ে দিতে চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সপ্তমী পূজার দিনে শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন এবং ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।
শনিবার (১৭ অক্টোবর ২০২৬) সন্ধ্যার পর চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএমএন জামিউল হিকমাকে সঙ্গে নিয়ে জেলা প্রশাসক শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বের হন। রাত ৮টার দিকে তিনি পুরাণবাজারের ঐতিহ্যবাহী ঘোষপাড়া সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপ এবং পরবর্তীতে হরিসভা মন্দির কমপ্লেক্সের দুর্গোৎসবের আয়োজন ঘুরে দেখেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক প্রতিটি মণ্ডপের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা ও উৎসবমুখর পরিবেশ পর্যবেক্ষণ করেন। আয়োজকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে সবাই যেন নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে ব্যাপারে জেলা ও পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।” মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সহসভাপতি পরেশ মালাকার, যুগ্ম সম্পাদক গোপাল সাহা,
দাসপাড়া শিব মন্দির দুর্গোৎসব কমিটির সভাপতি গণেশ চন্দ্র দে, পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ চাঁদ মিয়া, চাঁদপুর পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল চন্দ্র সাহা, চাঁদপুর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক লাল ঘোষ এবং চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান ফরিদ আহম্মদ বেপারী। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. তাছির বেপারী, সাধারণ সম্পাদক দুলাল খান, হরিসভা দুর্গাপূজা কমিটির সাধারণ সম্পাদক শম্ভুনাথ সাহা,
কোষাধ্যক্ষ বাদল পোদ্দার, সহকোষাধ্যক্ষ তাপস সাহা, বিশিষ্ট ব্যবসায়ী অনন্ত চক্রবর্তী, পূজা কমিটির সদস্য প্রণব ও লিটন সাহাসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক ভক্ত ও দর্শনার্থী। প্রশাসন এবং সর্বস্তরের সামাজিক ও রাজনৈতিক প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণে চাঁদপুরের সার্বজনীন দুর্গোৎসবের মণ্ডপগুলোতে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের আবহ বিরাজ করছে।



