
চাঁদপুর খবর রিপোর্ট ॥ চাঁদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা রোববার (১৮ অক্টোবর) জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্লা সেলিম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কবির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল সিদ্দিকসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, বিভিন্ন সরকারি দপ্তরের চলমান প্রকল্পের অগ্রগতি, উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন এবং জনসেবার মানোন্নয়নসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা, সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম পর্যালোচনা এবং উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে বিদ্যমান সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করা হয়।




