
চাঁদপুর খবর রিপোর্ট : জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সাফল্যের স্বীকৃতি হিসেবে চাঁদপুরের হাইমচর উপজেলার ২ নম্বর আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক (মানিক) কে পুরস্কৃত করা হয়েছে।
২০২৬ সালের সেপ্টেম্বর মাসের নিবন্ধন কার্যক্রমে লক্ষ্যমাত্রা অর্জন ও বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁদের ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।
গতকাল শনিবার (১৭ অক্টোবর) বিকেলে হাইমচর উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের হাত থেকে পুরস্কার হিসেবে ক্রেস্ট গ্রহণ করেন আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক (মানিক)।
একই কার্যক্রমে উপজেলার গ্রাম পুলিশদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন মো. আরিফ হোসেন খান এবং তৃতীয় স্থান অর্জন করেছেন মো. মমিন ঢালী।
হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মো. আমিন উল্যাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক পাটওয়ারী, হাইমচর প্রেসক্লাবের সভাপতি মো. মহসিন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ ছাড়া বিভিন্ন দাপ্তরিক কাজে প্রশাসনকে সহযোগিতা করার স্বীকৃতিস্বরূপ ৩ নম্বর দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদের সালাউদ্দিন ও রাছেল হোসেনসহ সংশ্লিষ্ট গ্রাম পুলিশ সদস্যদেরও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে এ অর্জন ২ নম্বর আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদের জন্য গর্বের বিষয়। কর্মকর্তা ও গ্রাম পুলিশ সদস্যদের নিষ্ঠা, পরিশ্রম এবং জনসেবামূলক কার্যক্রমের স্বীকৃতি তাঁদের ভবিষ্যতে আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রেরণা জোগাবে।



