
আহম্মদ উল্যাহ : চাঁদপুরে সড়ক পরিবহন আইন ও ট্রাফিক বিধিমালা লঙ্ঘনের বিরুদ্ধে জেলা ট্রাফিক পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আগস্ট ২০২৬ মাসে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ৭৭২টি প্রসিকিউশন দায়ের করা হয়েছে। একই সময়ে নিষ্পত্তি হয়েছে ৭৭৯টি প্রসিকিউশন।
এসব মামলায় জরিমানা হিসেবে সরকারি কোষাগারে আদায় করা হয়েছে ২৮ লাখ ৩৮ হাজার টাকা। জেলা ট্রাফিক পুলিশের আগস্ট মাসের প্রসিকিউশন ও জরিমানা আদায়ের হিসাবসংবলিত প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। প্রতিবেদন অনুযায়ী, আগস্ট মাসে দায়ের করা ৭৭২টি প্রসিকিউশনের মধ্যে ৯টি বাস, ৩৬টি ট্রাক, ৪৮টি পিকআপ, ১৮টি কাভার্ডভ্যান, ৩টি মাইক্রোবাস, ৪টি প্রাইভেটকার, ২২৯টি মোটরসাইকেল, ১১৭টি সিএনজি, ১২৮টি ইজিবাইক এবং ১৮০টি রিকশা/ভ্যান রয়েছে।
অভিযানে সবচেয়ে বেশি প্রসিকিউশন হয়েছে মোটরসাইকেলের বিরুদ্ধে। মোট ২২৯টি মোটরসাইকেলকে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে প্রসিকিউশন করা হয়েছে। এরপর রয়েছে রিকশা/ভ্যান ১৮০টি, ইজিবাইক ১২৮টি এবং সিএনজি ১১৭টি। জেলা ট্রাফিক পুলিশের কর্মকর্তারা বলছেন, সড়কে শৃঙ্খলা ফেরানো, দুর্ঘটনা কমানো এবং যানবাহন চলাচলে আইন মানার প্রবণতা বাড়াতেই নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার, প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা এবং ট্রাফিক সংকেত মেনে চলার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। ‘আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে’
চাঁদপুর জেলা ট্রাফিক পুলিশের টিআই প্রবীর কুমার দাস বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক আইন বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। যানবাহনের কাগজপত্র, চালকের বৈধতা, হেলমেট ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে আইন অমান্য করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, শুধু মামলা ও জরিমানা আদায় নয়, সড়ক ব্যবহারকারীদের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার সচেতনতা তৈরি করাই পুলিশের মূল লক্ষ্য। সবাই আইন মেনে চললে সড়কে দুর্ঘটনা ও বিশৃঙ্খলা অনেকাংশে কমে আসবে।
চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বলেন, সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ কাজ করছে। ট্রাফিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তবে পুলিশের পাশাপাশি চালক, যাত্রী ও পথচারী সবার দায়িত্বশীল আচরণ প্রয়োজন।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আগস্ট মাসে দায়ের করা ৭৭২টি প্রসিকিউশনের বিপরীতে নিষ্পত্তি হয়েছে ৭৭৯টি মামলা এবং জরিমানা আদায় হয়েছে ২৮ লাখ ৩৮ হাজার টাকা।




