
স্টাফ রিপোর্টার : চাঁদপুরের শাহরাস্তিতে অনুমোদন ছাড়াই অবৈধভাবে ড্রেজার দিয়ে কৃষিজমির মাটি উত্তোলনের দায়ে এক ড্রেজার মালিককে ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
একই সঙ্গে মাটি উত্তোলনে ব্যবহৃত তিনটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে এবং প্রায় ১ হাজার ৫০০ ফুট পাইপ বিনষ্ট করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে অনুমোদন ছাড়া ড্রেজারের মাধ্যমে মাটি ও বালু উত্তোলনের সত্যতা পাওয়া যায়।
কৃষিজমির টপসয়েল কাটার অপরাধে রায়শ্রী উত্তর ইউনিয়নের মো. রাজু (২২) ও তার সহযোগীদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে মনোহরপুর এলাকায় তিনটি ড্রেজার মেশিন অকেজো করা হয়।
এছাড়া নরিংপুর এলাকা থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত প্রায় ১ হাজার ৫০০ ফুট পাইপ বিনষ্ট করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শাহরাস্তির সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সামসুজ্জামান।
এ সময় সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা, উপজেলা আনসার সদস্য ও গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শাহরাস্তি উপজেলায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হবে।




