শাহরাস্তিতে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

শাহরাস্তি প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে ৬৪ বছর বয়সী এক মাদ্রাসাশিক্ষককে আটক করেছে পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে রায়শ্রী উত্তর ইউনিয়নের উল্লাশ্বর এলাকা থেকে জামিয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক আমিনুল ইসলামকে আটক করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উল্লাশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ওই শিক্ষার্থী নিয়মিত আমিনুল ইসলামের বাসায় আরবি পড়তে যেত। অভিযোগ রয়েছে, আরবি শেখানোর সুযোগ নিয়ে ওই শিক্ষক শিশুটিকে যৌন নিপীড়ন করেন।

সোমবার সকালে একই ধরনের ঘটনার পর শিশুটি বিদ্যালয়ে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। বিষয়টি বিদ্যালয়ের শিক্ষিকা সামছুন্নাহারের নজরে এলে শিশুটি তার কাছে ঘটনার কথা জানায়। পরে শিক্ষিকা শিশুটির পরিবারের সদস্যদের বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন বিষয়টি শাহরাস্তি মডেল থানায় জানান। পরে শাহরাস্তি মডেল থানার পুলিশ অভিযুক্ত শিক্ষক আমিনুল ইসলামকে আটক করে।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, বিষয়টি জানার পর পুলিশ গুরুত্বের সঙ্গে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। এ ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত খবর