
মতলব দক্ষিণ প্রতিনিধি : চাঁদপুরের মতলব দক্ষিণে চলন্ত অটোবাইক উল্টে খালে পড়ে ছিদ্দিক মিয়াজী (৪৮) নামে এক চালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার নওগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ছিদ্দিক মিয়াজী উপজেলার মধ্য নওগাঁও গ্রামের আব্বাস মিয়াজীর ছেলে। পরিবার, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে ছিদ্দিক মিয়াজী যাত্রীবিহীন অটোবাইক চালিয়ে বাড়ির পাশের নওগাঁও আড়ংবাজার থেকে নওগাঁও এলাকার হাজী মার্কেটের দিকে যাচ্ছিলেন। নওগাঁও এলাকায় একটি সেতুর কাছে পৌঁছালে হঠাৎ অটোবাইকটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়।
পরে সেটি উল্টে সড়কের পাশে খালে পড়ে যায়। পথচারীরা ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত এগিয়ে এসে ছিদ্দিক মিয়াজীকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত অটোবাইক চালকের বড় ভাই মো. হায়দার মিয়াজী বলেন, “ভাই আগে থেকেই অসুস্থ ছিলেন। অসুস্থ শরীর নিয়েই অটোবাইক চালাতেন। অটোবাইক চালিয়ে যা আয় হতো, তা দিয়েই সংসারের খরচ চলত। তার সংসারে তিন স্ত্রী রয়েছে। তার মৃত্যুতে তাদের ভবিষ্যৎ এখন অন্ধকার হয়ে গেল।”
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক অটোবাইক চালক ছিদ্দিক মিয়াজীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।




