
স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের ব্যস্ততম সড়ক ট্রাক রোড এলাকায় দারুস সালাম মসজিদের পাশে হেলে পড়া ঝুঁকিপূর্ণ বিদ্যুতের পিলারটি মেরামত করেছে বিদ্যুৎ কর্তৃপক্ষ। জানা যায়, ওই স্থানে পৌরসভার ড্রেন নির্মাণের কাজ চলছিল। ড্রেন নির্মাণের সময় বিদ্যুতের পিলারটি ঝুঁকিপূর্ণ অবস্থায় সামনের দিকে হেলে পড়ে। এতে ওই এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। এছাড়া আশপাশে বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠান, বড় বড় ভবন ও বসতঘর রয়েছে। দীর্ঘদিন ধরে পিলারটি হেলে থাকায় দুর্ঘটনার আশঙ্কায় মানুষের মধ্যে ভয়ের সৃষ্টি হয়। এ অবস্থায় এলাকার লোকজন নতুন বাজার বিদ্যুৎ অফিসে গিয়ে বিষয়টি নিয়ে অভিযোগ করেন।
দীর্ঘদিন পর গতকাল বিদ্যুৎ অফিস কর্তৃপক্ষ হাইড্রোলিক ক্রেনের মাধ্যমে হেলে পড়া বৈদ্যুতিক পিলারটি মেরামতের কাজ সম্পন্ন করে। এ বিষয়ে এলাকার মহিউদ্দিন নামের এক ব্যক্তি জানান, হেলে পড়া বিদ্যুতের পিলারটির কারণে আমরা এলাকাবাসী বেশ আতঙ্কের মধ্যে ছিলাম।
পিলারটি এমনভাবে হেলে পড়েছিল যে, যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারত। ঝুঁকিপূর্ণ এই পিলারটি মেরামত করায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।




