মতলব উত্তর থেকে নিখোঁজ কিশোর রাতুল ১২ ঘণ্টায় বান্দরবান থেকে উদ্ধার

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরের মতলব উত্তর থেকে নিখোঁজ হওয়ার প্রায় ১২ ঘণ্টার মধ্যে ছেংগারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাতুল দেবনাথ (১৩)-কে বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকা ১২ মাইল থেকে উদ্ধার করেছে মতলব উত্তর থানা পুলিশ।

রাতুল দেবনাথ ছেংগারচর বাজারের স্বর্ণ ব্যবসায়ী বিশ্বজিৎ চন্দ্র দেবনাথের ছেলে। গত ২১ সেপ্টেম্বর সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পর সে নিখোঁজ হয়। পরিবারের সদস্য ও স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।

পরে একই দিন সন্ধ্যা আনুমানিক ৬টা ১৫ মিনিটের দিকে রাতুল তার ফেসবুক পেজে ‘Miss you Ma’ লিখে একটি স্ট্যাটাস দেয়। বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসার পর তাদের মধ্যে উদ্বেগ আরও বেড়ে যায়। সম্প্রতি কুমিল্লায় সংঘটিত একটি হত্যাকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে পরিবারের মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠা তৈরি হয়। একই সঙ্গে ঘটনাটি এলাকায়ও চাঞ্চল্যের সৃষ্টি করে।

পরে রাতুলের বাবা মতলব উত্তর থানায় গিয়ে ছেলের নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে পুলিশ সুপার, চাঁদপুর মো. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় নিখোঁজ কিশোরের সন্ধানে অভিযান শুরু করে পুলিশ।

সহকারী পুলিশ সুপার, মতলব সার্কেল জাবীর হুসনাইন সানীব এবং মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে এসআই জীবন চৌধুরী ও এএসআই রবিউল হোসেনের সমন্বয়ে একটি আভিযানিক দল গঠন করা হয়।

পুলিশ জানায়, আভিযানিক দলের সদস্যরা বিভিন্ন তথ্য বিশ্লেষণ, সম্ভাব্য গতিবিধি পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় রাতুলের অবস্থান শনাক্ত করতে সক্ষম হন। পরে শনাক্ত করা অবস্থানের ভিত্তিতে বান্দরবান সদর থানাধীন দুর্গম পাহাড়ি এলাকা ১২ মাইলে অভিযান চালিয়ে রাতুল দেবনাথকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া শেষে কিশোর রাতুলকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার, দ্রুত পদক্ষেপ ও সমন্বিত অভিযানের মাধ্যমে দুর্গম পাহাড়ি এলাকা থেকে নিখোঁজ কিশোরকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া নূর দৈনিক চাঁদপুর খবরকে জানান, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের যেকোনো বিপদে দ্রুত সাড়া দিতে জেলা পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।

সম্পর্কিত খবর