হাজীগঞ্জে জেলা প্রশাসকের সরেজমিন নজরদারি

সাইফুল ইসলাম সিফাত: হাজীগঞ্জে পৌরসভা, উপজেলা ভূমি অফিস ও হাজীগঞ্জ থানা পরিদর্শন করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি এসব প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
পরে তিনি নবগঠিত অলিপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রমের উদ্বোধন করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক জনগণের জন্য সরকারি সেবাসমূহ দ্রুততম সময়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে নিশ্চিত করতে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের নির্দেশনা দেন।

জেলা প্রশাসক বলেন, “জনবান্ধব প্রশাসন ও মানসম্মত নাগরিকসেবা নিশ্চিত করতে মাঠপর্যায়ে সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নিয়মিত পরিদর্শন করা হচ্ছে। জনগণের দুর্ভোগ কমানো এবং সরকারি সেবার মান বাড়াতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।” মঙ্গলবার দুপুরে পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে পৌরসভা কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান পৌর এলাকার পয়ঃনিষ্কাশন, সুপেয় পানি, পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ নাগরিকসেবার বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করেন।

এরপর জেলা প্রশাসক উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় তাকে স্বাগত জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন। এর আগে হাজীগঞ্জ থানা পরিদর্শনে গেলে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনারের মাধ্যমে স্বাগত জানান হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল মান্নান।

একই দিনে জেলা প্রশাসক উপজেলার নবগঠিত অলিপুর ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রমের উদ্বোধন করেন। ইউনিয়নের প্রশাসক ও উপজেলা আইসিটি কর্মকর্তা মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি)সহ স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর