
স্টাফ রিপোর্টার : ২১ জুলাই রাজধানীর উত্তরা এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বহু নিষ্পাপ শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং বিমান বাহিনীর কর্মকর্তা।
দুর্ঘটনার ভয়াবহতায় পুরো দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। এই মর্মান্তিক দুর্ঘটনার প্রেক্ষিতে চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার (২৫ জুলাই ২০২৫) বাদ জুমা জেলার সকল উপজেলার মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
দোয়ায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের প্রার্থনা করা হয়।
জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহান সৃষ্টিকর্তা যেনো আমাদের এই শোক কাটিয়ে ওঠার শক্তি দান করেন এ কামনাই করি। আমিন। দেশজুড়ে সাধারণ জনগণ, প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়েছে।




