শাহমাহমুদপুরে খালের পানি চলাচল স্বাভাবিক করতে সরেজমিনে উপজেলা প্রশাসন

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মান্দারী ও টাহরখিল গ্রামের কয়েক একর কৃষিজমির পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম টাহরখিল গ্রামের পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির কয়েকটি স্থান ঘুরে দেখেন এবং কৃষিজমির পানি নিষ্কাশনের সমস্যা পর্যবেক্ষণ করেন।

জানা যায়, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে ওই এলাকার কৃষিজমিতে পানি জমে কৃষকদের চাষ করা বিভিন্ন প্রজাতির ফসল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া প্রতি বছরই এমন ক্ষতির শিকার হওয়ায় এ সমস্যা থেকে মুক্তি পেতে গত সোমবার (২৩ নভেম্বর) চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন এলাকার কৃষকরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমার নির্দেশে ঘটনাস্থল পরিদর্শনে যান সহকারী কমিশনার (ভূমি)।

এ বিষয়ে সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদসহ কয়েকজন কৃষক বলেন, গত কয়েক বছর ধরে বৃষ্টি হলেই এ এলাকার কৃষিজমিগুলো পানিবন্দি হয়ে পড়ে। কৃষকদের দুর্ভোগের কথা বিবেচনা করে প্রশাসনের কাছে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম বলেন, কৃষিজমির পানি নিষ্কাশনের জন্য ব্যবহৃত এলাকার খালগুলো ভরাট করে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের আগামী ১৫ দিন সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে ড্রেনেজ ব্যবস্থা করে খালের পানি চলাচল স্বাভাবিক করতে হবে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চাঁদপুর সদর মডেল থানা পুলিশের সার্বিক সহযোগিতায় পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাটওয়ারী, ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইব্রাহিম তালুকদার, ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সাত্তার বেপারীসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর