
স্টাফ রিপোর্টার : চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ২২তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মতলব উত্তর উপজেলাকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে চাঁদপুর সদর উপজেলা।
এই জয়ের মাধ্যমে টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে ফরিদগঞ্জের প্রতিপক্ষ হিসেবে জায়গা করে নিয়েছে চাঁদপুর সদর। আগামী ২৮ নভেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। বুধবার সেমিফাইনালের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে চাঁদপুর সদর উপজেলা দল। খেলার প্রথমার্ধে দলকে দারুণভাবে এগিয়ে নেন ২০ নম্বর জার্সি পরিহিত ফরোয়ার্ড শাওন। পৃথক দুটি আক্রমণ থেকে পরপর দুটি গোল করে প্রথমার্ধেই দলকে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে নেন তিনি।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে মতলব উত্তর উপজেলা দল। একের পর এক আক্রমণ সাজিয়ে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে তারা। খেলার শেষ দিকে চমৎকার একটি আক্রমণ থেকে দৃষ্টিনন্দন গোল করে মতলব উত্তরের হয়ে ব্যবধান কমান আলামিন। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে চাঁদপুর সদর। রুদ্ধশ্বাস এ সেমিফাইনাল উপভোগ করতে চাঁদপুর স্টেডিয়ামে প্রচুর দর্শকের সমাগম ঘটে।
পুরো ম্যাচজুড়ে গ্যালারিতে ছিল উৎসবমুখর পরিবেশ। এদিন মাঠে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিক, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, ফেরদৌস আলম বাবু ও ডিএম শাহজাহান, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, বীর মুক্তিযোদ্ধা ড. কাজী হাশেম, সানাউল্লাহ খানসহ আরও অনেকে।



