আদালতের আদেশ অমান্য করে ফরিদগঞ্জে নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেওয়ার অভিযোগ !

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরের ফরিদগঞ্জে আদালতের আদেশ থাকা সত্ত্বেও জমিতে নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছে থানার এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে চাঁদপুরের পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেছেন কুহিনুর বেগম নামে এক নারী।

গত ২৪ নভেম্বর মঙ্গলবার বিকেল আনুমানিক ৩টার দিকে ফরিদগঞ্জ থানার পুলিশ কর্মকর্তা শাকিল তাঁর নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন বলে আবেদনে অভিযোগ করেছেন কুহিনুর বেগম।

পুলিশ সুপারের কাছে দেওয়া লিখিত আবেদনে কুহিনুর বেগম উল্লেখ করেন, তিনি ফরিদগঞ্জ উপজেলার শাসিয়াখালী গ্রামের মো. মনির হোসেনের স্ত্রী। তাঁর দাবি, শাসিয়াখালী মৌজায় অবস্থিত নিজ মালিকানাধীন ও দখলীয় সম্পত্তি নিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে ২০১৮ সালে ২৫৯/২০১৮ নম্বর দরখাস্ত এবং পরবর্তী সময়ে ২০১৯ সালে মিস মামলা করেন। মামলাটি ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় পরিচালিত হয়।

আবেদনে তিনি আরও উল্লেখ করেন, আদালতের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিল করেন। সাক্ষ্যগ্রহণ শেষে ২০২১ সালের ২১ সেপ্টেম্বর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত তাঁকে নালিশি সম্পত্তির দখলকার হিসেবে ঘোষণা করেন এবং প্রতিপক্ষের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আদেশ দেন বলে তিনি দাবি করেছেন। কুহিনুর বেগমের অভিযোগ, ওই আদেশ বহাল থাকা

অবস্থায় গত ২৪ নভেম্বর তিনি নিজের জমিতে ভবন নির্মাণের কাজ করছিলেন। এ সময় ফরিদগঞ্জ থানার পুলিশ কর্মকর্তা শাকিল ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন। আদালতের আদেশ দেখাতে চাইলে তিনি তা দেখতে অস্বীকৃতি জানান এবং থানায় যাওয়ার জন্য বলেন। থানায় না গেলে প্রতিপক্ষকে দিয়ে অন্য ফৌজদারি মামলা করিয়ে নির্মাণকাজ স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার হুমকিও দেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। আবেদনে আরও বলা হয়, একই সম্পত্তি নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ১০৭/১১৭(সি) ধারায় মিস-৫৪/২০২৪ নম্বরের একটি মামলা চলমান রয়েছে।

ওই মামলার বিষয়েও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা তাঁকে থানায় গিয়ে বসতে বলেছেন বলে অভিযোগ করেন তিনি। কুহিনুর বেগমের দাবি, আদালতের আদেশ থাকা সত্ত্বেও প্রতিপক্ষের পক্ষ নিয়ে তাঁর বৈধ নির্মাণকাজে বাধা দেওয়া হয়েছে।

তিনি বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং তাঁর নির্মাণকাজে যেন আর কোনো বেআইনি বাধা দেওয়া না হয়, সে জন্য পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন। আবেদনে প্রতিপক্ষ হিসেবে আতিকুর রহমান (৪২), পিতা-মৃত সুলতান আহম্মদ মিয়া এবং তাঁর স্ত্রী শিরতাজ বেগম (৩০), উভয় সাং-শাসিয়াখালী, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুরের নাম উল্লেখ করা হয়েছে।

সম্পর্কিত খবর