
হাজীগঞ্জ প্রতিনিধি : চাঁদপুরের হাজীগঞ্জে পৃথক ঘটনায় একদিনে দুটি মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) জাকিয়া সুলতানা (২৫) নামের এক গৃহবধূর মরদেহ তাঁর স্বামীর বসতঘর থেকে এবং একটি পরিত্যক্ত মুরগির খামার থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই সন্তানের জননী জাকিয়া সুলতানা হাজীগঞ্জের কংগাইশ এলাকার গুড় বেপারী বাড়ির (মিঠাই বাড়ি) শাহাদাত হোসেনের স্ত্রী। তিনি কুমিল্লার বরুড়া উপজেলার উত্তর ঘোষপাড়া নোয়া বাড়ির জাফর ইকবালের মেয়ে। জাকিয়া সুলতানার চাচা জামশেদ আলম জানান, প্রায় ৮ থেকে ৯ বছর আগে পারিবারিকভাবে জাকিয়ার বিয়ে হয়।
গত দুই-তিন বছর ধরে তাঁর স্বামী শাহাদাত হোসেন মাদকাসক্ত হয়ে পড়েন এবং জাকিয়াকে শারীরিকভাবে নির্যাতন করতেন। এ নিয়ে কয়েক মাস আগে সালিশি বৈঠকও হয়েছিল। তিনি বলেন, “আমরা তাকে এ বাড়িতে দিতে চাইনি। কিন্তু দুই শিশু সন্তানের কথা ভেবে জাকিয়া সংসার চালিয়ে গেছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
ঘটনার পর থেকে জাকিয়ার স্বামী পলাতক রয়েছেন বলে জানা গেছে। অপরদিকে, হাজীগঞ্জ সদর ইউনিয়নের মাতৈন গ্রামের পাটওয়ারী বাড়ির নজরুল ইসলামের পরিত্যক্ত মুরগির খামার থেকে শাওন হোসেন নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা গ্রামের নাছির সর্দার বাড়ির বিল্লাল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, পরিত্যক্ত মুরগির খামারে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাওনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ জানায়, নিহত শাওনের বিরুদ্ধে আগে থেকেই ডাকাতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া বলেন, পৃথক ঘটনায় উদ্ধার হওয়া দুটি মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পৃথক অপমৃত্যু মামলা দায়েরসহ তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



