চাঁদপুর চেম্বারের সাবেক সভাপতি জাহাঙ্গীর আখন্দ সেলিমের দাফন সম্পন্ন

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি জাহাঙ্গীর আখন্দ সেলিম ইন্তেকাল করেছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১০টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

২৫ নভেম্বর (বুধবার) বাদ জোহর চাঁদপুর শহরের কবি নজরুল সড়কের চৌধুরী ঘাটসংলগ্ন চাঁদপুর পৌর ঈদগাহ ময়দানে মরহুম জাহাঙ্গীর আখন্দ সেলিমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন চাঁদপুর বেগম মসজিদের খতিব ও ইমাম মুফতি মাওলানা মাহাবুবুর রহমান। জানাজা শেষে মরহুমকে পুরানবাজারের জাফরাবাদ হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে দাফন করা হয়।

জানাজার নামাজের আগে চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য দেন জাফরাবাদ হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম (জামিয়া আরাবিয়া কাসিমুল উলুম, জাফরাবাদ) হযরত মাওলানা খাজা আহমাদুল্লাহ, চাঁদপুর ডায়াবেটিস সমিতি ও হাসপাতাল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ডা. মো. শায়ের গফুর, পুরানবাজার বড় মসজিদের সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী, মরহুমের ভায়রা ও বিশিষ্ট ব্যবসায়ী মুরাদ খান, জেলা জামায়াতের পক্ষে শুকুর মস্তান, চাঁদপুর চেম্বারের সাবেক পরিচালক মমতাজ উদ্দিন মন্টু গাজী, চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান ফরিদ আহমেদ বেপারী এবং মরহুমের ভাতিজা বদরুল আখন্দ।

এ সময় জানাজার নামাজে অংশ নেন চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট ইকবাল বিন বাশার, জালাল চৌধুরী, ইকবাল হোসেন পাটওয়ারী, শরীফ চৌধুরী, গিয়াস উদ্দিন মিলন, শাহাদাত হোসেন শান্ত, এএইচএম আহসান উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, প্রথম আলোর চাঁদপুর জেলা প্রতিনিধি আলম পলাশ, ডা. এমজি ফারুক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব তাফাজ্জল হোসেন চুন্নু মিয়া, বিএনপি নেতা আলহাজ্ব মো. আজহার উদ্দিন মিয়া, মরহুমের চাচাতো ভাই আবুল কাশেম আখন্দ, চাঁদপুর জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, সাধারণ সম্পাদক ফয়সল গাজী বাহারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ধর্মপ্রাণ মুসল্লিগণ।

এদিকে, চাঁদপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি জাহাঙ্গীর আখন্দ সেলিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ।

সম্পর্কিত খবর