
স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত ‘জুলাই ভাস্কর্য’ পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় নেতৃবৃন্দ।
বুধবার (২৫ নভেম্বর ২০২৬) বিকেলে ভাস্কর্যটির বর্তমান অবস্থা ও পারিপার্শ্বিক পরিবেশ ঘুরে দেখে নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত এটি সংস্কারের দাবি জানান। পরিদর্শনকালে বক্তারা বলেন, জুলাই আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট ও স্লোগানসংবলিত এই ভাস্কর্যটিতে প্রায় ২০ দিন আগে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
কিন্তু দুঃখজনকভাবে এখন পর্যন্ত নাশকতাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পারেনি প্রশাসন। এমনকি ক্ষতিগ্রস্ত ভাস্কর্যটি সংস্কারেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। নেতৃবৃন্দ আরও অভিযোগ করেন, ভাস্কর্যটি বর্তমানে চরম অযত্ন ও অবহেলায় পড়ে আছে। এর প্রবেশপথের রাস্তার ইট উঠে গেছে, চারপাশ অপরিচ্ছন্ন এবং রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই।
অবিলম্বে ভাস্কর্যটি সংস্কার, এর মর্যাদা রক্ষা এবং পারিপার্শ্বিক পরিবেশ যথাযথভাবে সংরক্ষণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা এনসিপির আহ্বায়ক মাহবুব আলম, যুগ্ম সদস্যসচিব মো. কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, পৌর সদস্যসচিব প্রকৌশলী মশিউর রহমান খোকন এবং পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক জহির হোসেন।
এ ছাড়া যুব শক্তির আহ্বায়ক রাসেল মাহমুদ, সদস্যসচিব সাইফুর রহমান গাজী, সদস্য রিফাত আহমদ চৌধুরী, জুলাই আন্দোলনের নারী যোদ্ধা তানজিনা আক্তার, ছাত্র শক্তির কামরুল ইসলাম, সাদিদ রহমান ও জিএম রাশেদসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী খান মুহাম্মদ নিয়াজ মোর্শেদ।



