
চাঁদপুর খবর রিপোর্ট: গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত নাট্য সংগঠন চাঁদপুর ড্রামার ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হয়েছে নাটক ‘বিদ্দালংকার প্রেস’। বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে নাট্যকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজনের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জুয়েলারি সমিতির সভাপতি বাবুল, বিশিষ্ট লেখক ও নাট্যকার লিটন এবং চাঁদপুর থিয়েটারের সাধারণ সম্পাদক বাবু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চাঁদপুর ড্রামার সিনিয়র সহ-সভাপতি ও জাফরানি স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন। শুভেচ্ছা বক্তব্য দেন চাঁদপুর ড্রামার সাবেক সাধারণ সম্পাদক কে. এম. মাসুদ। চাঁদপুর ড্রামার সভাপতি মুরাদ খানের সভাপতিত্বে এবং সংগঠনটির সাধারণ সম্পাদক মানিক পোদ্দারের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এতে জেলার বিভিন্ন পর্যায়ের সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নাট্যকর্মী ও অসংখ্য সুধীজন উপস্থিত ছিলেন। চাঁদপুরের নাট্যচর্চা ও সাংস্কৃতিক অঙ্গনে চাঁদপুর ড্রামার ৪২ বছরের পথচলা একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। দীর্ঘ এ পথচলায় সংগঠনটি স্থানীয় সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনের মধ্য দিয়ে নাট্যচর্চার ধারাবাহিকতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।



