আইইবি নির্বাচনে সদস্য নির্বাচিত হলেন এলজিইডি চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ নূরুজ্জামান

সাইদ হোসেন অপু চৌধুরী : ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর ২০২৭-২০২৮ মেয়াদের নির্বাচনে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) সমর্থিত প্যানেল থেকে সিভিল ইঞ্জিনিয়ার ডিভিশনের সদস্য ও চাঁদপুর সাব সেন্টারের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এলজিইডি চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ নূরুজ্জামান।

গত (১২ নভেম্বর) সারাদেশের ১৮টি কেন্দ্রে ও ৩৫টি উপকেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটারের প্রায় ৪৪ শতাংশ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে দুই বছর মেয়াদি কমিটিতে ২১৪৯ ভোট পেয়ে সিভিল ইঞ্জিনিয়ার ডিভিশনের সদস্য হিসেবে নির্বাচিত হন মোঃ নূরুজ্জামান।

বিজয় অর্জনের পর মোঃ নূরুজ্জামান বলেন, আপনাদের বিপুল ভালোবাসা, আস্থা, দোয়া ও সমর্থনে বিজয়ী হয়েছি।

তিনি আরও বলেন, নির্বাচিত হওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের, গর্বের এবং একই সঙ্গে অনেক বড় দায়িত্বের।

এই বিজয়কে ব্যক্তিগত অর্জন হিসেবে দেখতে চান না জানিয়ে তিনি বলেন, এই বিজয়কে আমি ব্যক্তিগত অর্জনের চেয়ে আপনাদের সম্মিলিত প্রচেষ্টা, ঐক্য, বিশ্বাস ও ভালোবাসার প্রতিফলন হিসেবেই দেখি। আপনাদের আস্থা ও প্রত্যাশার মর্যাদা রক্ষা করাই এখন আমার সবচেয়ে বড় দায়িত্ব।

নির্বাচিত হওয়ার পর প্রকৌশলীদের অধিকার প্রতিষ্ঠা, সমান সুযোগ নিশ্চিতকরণ, পেশাগত মর্যাদা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নারী প্রকৌশলীদের নেতৃত্ব ও ক্ষমতায়ন, গবেষণা ও উদ্ভাবন এবং শিল্প ও শিক্ষাঙ্গনের মধ্যে সম্পর্ক জোরদারে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

পাশাপাশি নির্বাচনের পরও সব প্রকৌশলীকে সঙ্গে নিয়ে পেশাজীবী সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার আহ্বান জানান নবনির্বাচিত এই প্রকৌশলী।

উল্লেখ্য, আইইবির ২০২৭-২০২৮ মেয়াদের নির্বাচন গত ১২ নভেম্বর অনুষ্ঠিত হয়। ওই দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয় ১৩ নভেম্বর। ১৯৪৮ সালে নিবন্ধিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) দেশের প্রাচীনতম পেশাজীবী সংগঠনগুলোর অন্যতম।

সম্পর্কিত খবর