ফরিদগঞ্জে অবৈধ এমসিবি ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

এস. এম. ইকবাল, ফরিদগঞ্জ : চাঁদপুরের ফরিদগঞ্জে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পাশে অবস্থিত অভিযান চালিয়ে অবৈধভাবে পরিচালিত মেসার্স মাহাবুব চেয়ারম্যান ব্রিকস নামের একটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার গাজীপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিপংকর বাড়ৈ অভিযানে নেতৃত্ব দেন। পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় থেকে জানানো হয়, ইটভাটাটির পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের প্রয়োজনীয় অনুমোদন ছিল না। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের পাশে অবৈধভাবে ভাটাটি পরিচালিত হয়ে আসছিল। এসব কারণে এক্সকাভেটর দিয়ে ইটভাটাটি গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযানে অংশ নেওয়া পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জানান, অভিযান শেষে ইটভাটা আর পরিচালনা করবেন না-এ মর্মে ভাটার মালিক মো. কামাল হোসেনের কাছ থেকে মুচলেকা গ্রহণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে সার্বিক সহযোগিতা করে ফরিদগঞ্জ থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা।

পরিবেশ অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, ফরিদগঞ্জ উপজেলায় মেসার্স মাহাবুব চেয়ারম্যান ব্রিকসসহ মোট ১৪টি ইটভাটা অবৈধভাবে পরিচালনার প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে এই প্রথম কোনো ইটভাটায় অভিযান চালিয়ে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হলো।

সম্পর্কিত খবর