
নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের দক্ষিণ বালিয়া ৯ নম্বর ওয়ার্ডে পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত সরকারি জায়গা অবৈধভাবে বালু দিয়ে ভরাট করার অভিযোগ উঠেছে।
ভরাট করা জায়গায় সেচের ড্রেন বন্ধ করে ইট রেখে দেওয়ারও অভিযোগ রয়েছে। এ ঘটনায় স্থানীয় সচেতন মহলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সম্প্রতি ঘটনাস্থল পরিদর্শনে সরকারি জায়গা বালু দিয়ে ভরাট করার চিত্র দেখা গেছে। অভিযুক্ত ব্যক্তি ওই গ্রামের মৃত আফির উদ্দিন শেখের ছেলে হাবিবুর রহমান শেখ। স্থানীয়রা জানান, ওই স্থানে সেচ ও বিভিন্ন ফসলের জন্য ড্রেনেজ ব্যবস্থা ছিল।
এলাকার লোকজনের ইচ্ছামতো জায়গা ভরাট করে বসতবাড়ি গড়ে তোলার কারণে দীর্ঘদিন ধরে সেচ কার্যক্রম বন্ধ রয়েছে। এ সুযোগে হাবিবুর রহমান শেখসহ আরও অনেকে পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত জায়গা ভরাট করে দখল করছেন বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, সরকারি জায়গা এভাবে দখল অব্যাহত থাকলে একসময় সরকারের মহৎ উদ্দেশ্যে গড়ে তোলা চাঁদপুর সেচ প্রকল্পের অভ্যন্তরে ফসলি জমির পরিমাণ কমে যাবে।
তাই সংশ্লিষ্ট দপ্তরগুলোর দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। হাবিবুর রহমান শেখসহ যারা অবৈধভাবে সরকারি জায়গা দখল করছেন, তাঁদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযানসহ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য অভিযুক্ত হাবিবুর রহমান শেখের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তবে তাঁর ছেলে নাছির শেখ বলেন, অধিগ্রহণকৃত এই সম্পত্তি তাঁদের পূর্বপুরুষদের। এ কারণে তাঁরা জায়গাটি দখল করেছেন। তবে এতে কোনো ফসলের ক্ষতি হবে না। কয়েক বছর ধরেই এখানে সেচ কার্যক্রম বন্ধ রয়েছে। এদিকে সরেজমিনে ওই এলাকায় আশপাশের অনেক জমিতে আমন ধানের আবাদ দেখা গেছে। স্থানীয়দের দাবি, ড্রেনেজ ব্যবস্থা নষ্ট হয়ে যাওয়ায় ধীরে ধীরে কৃষকেরা ফসল আবাদ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ও চান্দ্রা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান পিন্টু শেখ বলেন, বালু দিয়ে জায়গা ভরাট করার বিষয়টি তাঁর নজরে এসেছে। তবে এখানে এখন আর সেচ কার্যক্রম চলে না। সরকারি জায়গায় ড্রেনেজ ব্যবস্থা বন্ধ করে দেওয়া এবং ইট রেখে দেওয়ার বিষয়টি সঠিক হয়নি।



