
মনিরুল ইসলাম মনির: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে।
উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের আওতায় স্থাপিত এসব মেশিনের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলার সিদ্দীকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়, নাউরি আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় এবং নেদায়ে ইসলাম ফাজিল মহিলা মাদ্রাসায় পৃথকভাবে এসব স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিনের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সোহেল আনোয়ার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম। স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন স্থাপনের ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অধ্যয়নরত ছাত্রীরা প্রয়োজনের সময় সহজেই স্যানিটারি প্যাড সংগ্রহ করতে পারবে।
বিশেষ করে মাসিকের সময় ছাত্রীদের স্বাস্থ্যবিধি বজায় রাখা, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং শিক্ষা কার্যক্রমে নির্বিঘ্নে অংশগ্রহণের ক্ষেত্রে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের স্বাস্থ্যসম্মত সুবিধা চালু হলে ছাত্রীদের মধ্যে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বাড়বে।
পাশাপাশি মাসিককালীন স্বাস্থ্য সুরক্ষায় সংকোচ ও প্রতিবন্ধকতা দূর করতেও উদ্যোগটি সহায়ক হবে। উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের আওতায় বাস্তবায়িত এ উদ্যোগকে ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা ও শিক্ষাবান্ধব পরিবেশ তৈরির ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।



