চাঁদপুরে বর্জ্য থেকে ডিজেল উৎপাদনের পরীক্ষামূলক কার্যক্রমের উদ্বোধন

স্টাফ রিপোর্টার: পরিবেশদূষণ রোধ ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা সৃষ্টি করতে চাঁদপুর পৌরসভার ফেলে দেওয়া বর্জ্য থেকে পরীক্ষামূলকভাবে ডিজেল উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে।

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের তত্ত্বাবধানে জাপান-আসিয়ান ইকোনমিক কো-অপারেশন অ্যাসোসিয়েশন (JACEA), টোকিওর সহযোগিতায় এ পাইলট প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শহরের বাসস্ট্যান্ড এলাকার স্বর্ণিখোলা পৌরসভার ডাম্পিং স্থানে বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের পরীক্ষামূলক কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। উদ্বোধন শেষে জেলা প্রশাসক বর্জ্য থেকে ডিজেল উৎপাদনের প্রক্রিয়া, ব্যবহৃত প্রযুক্তি ও প্রকল্পের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি সংশ্লিষ্ট জাপানি প্রতিনিধি ও প্রকল্পের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে কথা বলে কার্যক্রমের অগ্রগতি, প্রযুক্তিগত দিক এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর নেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, বর্জ্য ব্যবস্থাপনা বর্তমানে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। প্রতিদিন বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ বর্জ্য উৎপন্ন হচ্ছে। এসব বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা করতে না পারলে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ে। বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের এ উদ্যোগ অত্যন্ত সম্ভাবনাময়। পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে এটি পরিবেশ সুরক্ষার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

এ ধরনের আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ফেলে দেওয়া বর্জ্যকে সম্পদে পরিণত করা সম্ভব। তিনি প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপান-আসিয়ান ইকোনমিক কো-অপারেশন অ্যাসোসিয়েশনের (JACEA) চেয়ারম্যান তাকাহাশি শিনসুকে, পরিচালক জুনজি সুয়েনাগা, প্রজেক্ট ইঞ্জিনিয়ার মি. শিমোহাশি হিদাকি, মি. নাগাহাসি ইউইয়া, মি. ওকেবো তসিহারু, চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা,

পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, প্রকল্প সমন্বয়কারী মো. শাহজাহান আলী শাওন, দোভাষী ওবায়দুর রহমান রতন, কাজল মজুমদার অপু, চাঁদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ুয়া, প্রশাসনিক কর্মকর্তা মফিজ উদ্দিন হাওলাদার, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেন মৃধা মাঝি, সাধারণ সম্পাদক মো. আবুল খায়েন, সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশীদ জাকির, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হিরণ মাঝিসহ জাপানি প্রতিষ্ঠানের প্রতিনিধি, পৌরসভার কর্মকর্তা এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সংশ্লিষ্টরা জানান, দৈনন্দিন বাসাবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সংগৃহীত বর্জ্য, বিশেষ করে প্লাস্টিক বর্জ্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রক্রিয়াজাত করে জ্বালানি তেলে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। এর ফলে একদিকে যেমন বর্জ্যের পরিমাণ ও পরিবেশদূষণ কমানো সম্ভব হবে,

অন্যদিকে বিকল্প জ্বালানি উৎপাদনের সুযোগ সৃষ্টি হবে। পরীক্ষামূলক প্রকল্পটি সফল হলে পৌরসভা বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি আর্থিকভাবেও লাভবান হতে পারে।

তারা আরও জানান, এ উদ্যোগের মাধ্যমে চাঁদপুর পৌরসভায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার একটি কার্যকর মডেল গড়ে তোলার সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে প্রকল্পটি সম্প্রসারণ করা গেলে শহরের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরিবেশবান্ধব এ পাইলট প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হলে চাঁদপুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি বর্জ্যকে অর্থনৈতিক সম্পদে রূপান্তরের নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সম্পর্কিত খবর