
চাঁদপুর খবর রিপোর্ট: চাঁদপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান শাহরাস্তি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) তিনি প্রথমে শাহরাস্তি মডেল থানা পরিদর্শন করেন। এ সময় তিনি উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন।
পরে তিনি উপজেলার ফটিকখিরা ছালামত উল্যাহ-আমেনা বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসন, শাহরাস্তির উদ্যোগে নারী শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতার কথা বিবেচনায় নির্মিত হাইজিন কর্নার ‘কেয়ার অ্যান্ড কমফোর্ট’-এর শুভ উদ্বোধন করেন। কিশোরী শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা, আত্মবিশ্বাস ও স্বাচ্ছন্দ্য বৃদ্ধিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
এ সময় বিদ্যালয়ে বাল্যবিবাহ প্রতিরোধে আয়োজিত সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি কন্যাশিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা এবং উচ্চশিক্ষার পথ সুগম করতে সমাজ থেকে বাল্যবিবাহ দূর করার ওপর গুরুত্বারোপ করেন।
এ লক্ষ্যে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেন। বিদ্যালয়ের কর্মসূচি শেষে জেলা প্রশাসক শাহরাস্তি পৌরসভা পরিদর্শন করেন। উপজেলার বিভিন্ন স্তরে সুশাসন প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষার মানোন্নয়নে জেলা প্রশাসকের এ পরিদর্শন ও দিকনির্দেশনা সংশ্লিষ্টদের মধ্যে নতুন কর্মস্পৃহা সৃষ্টি করেছে।



