ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে পর্তুগালের রাজপরিবারের সদস্যের ঐতিহাসিক সফর

চাঁদপুর খবর রিপোর্ট: পর্তুগালের রাজপরিবারের সদস্য হার রয়্যাল হাইনেস (HRH) মারিয়া ফ্রান্সিসকা দে ব্রাগাঞ্জা, ডাচেস অব কোইমব্রা, ঢাকার সাভারে অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) তাঁর এ সফর বাংলাদেশ ও পর্তুগালের মধ্যে শিক্ষা, সংস্কৃতি ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এ সফরের অন্যতম আকর্ষণ ছিল বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খানকে ‘নাইট অব দ্য ক্রাউন রয়্যাল’ (Knight of the Crown Royal) সম্মাননায় ভূষিত করা।

ডাচেস অব কোইমব্রার সঙ্গে ছিলেন ডিউক অব কোইমব্রা দুয়ার্তে মারিয়া দে সুসা আরাউজো মার্টিন্স এবং গ্লোবাল ফেয়ার পে চার্টার ও লন্ডন টি এক্সচেঞ্জের প্রতিনিধিসহ পর্তুগাল ও যুক্তরাজ্যের একটি আন্তর্জাতিক প্রতিনিধি দল।

সফরকালে রাজকীয় অতিথি ড্যাফোডিল স্মার্ট সিটির বিভিন্ন একাডেমিক ও অবকাঠামোগত সুবিধা, শিক্ষা ও গবেষণা কার্যক্রম এবং শিক্ষার্থীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত হন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্যোগ ঘুরে দেখেন। সফরের অংশ হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. মো. সবুর খান ও ডাচেস অব কোইমব্রা যৌথভাবে একটি স্মারক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক কনফারেন্স হলে রাজকীয় অতিথি ও তাঁর প্রতিনিধি দলের সম্মানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. আর. কবির। বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ড. মো. সবুর খান এবং আন্তর্জাতিক প্রতিনিধি দলের প্রধান স্যার শেখ আলিউর রহমান। ডাচেস অব কোইমব্রা তাঁর বক্তব্যে বিশ্ববিদ্যালয় পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ড. মো. সবুর খানকে ‘নাইট অব দ্য ক্রাউন রয়্যাল’ সম্মাননা প্রদান। পর্তুগালের রাজপরিবারের সদস্য ডাচেস অব কোইমব্রা নিজ হাতে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন। একই সঙ্গে ড. সবুর খানকে বাংলাদেশে ফেয়ার পে চার্টারের অ্যাম্বাসেডর হিসেবেও স্বীকৃতি দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, এ সম্মাননা অর্জনের মধ্য দিয়ে ড. মো. সবুর খান বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে ‘নাইট অব দ্য ক্রাউন রয়্যাল’ রাজকীয় স্বীকৃতি লাভ করেছেন। এটি তাঁর ব্যক্তিগত অর্জনের পাশাপাশি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বাংলাদেশের জন্যও গৌরবের বিষয়।

রাজকীয় সফরের আরেকটি উল্লেখযোগ্য আয়োজন ছিল বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের নতুন স্থাপনা ‘Cozinha Real – The Royal Lounge’-এর আনুষ্ঠানিক উদ্বোধন। হার রয়্যাল হাইনেস মারিয়া ফ্রান্সিসকা দে ব্রাগাঞ্জা স্থাপনাটির উদ্বোধন করেন।

শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষা, আন্তর্জাতিক রন্ধনশৈলী, খাদ্যসংস্কৃতি, আতিথেয়তা এবং পেশাগত দক্ষতা বিকাশের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পর্তুগাল ও বাংলাদেশের ঐতিহ্য, খাদ্যসংস্কৃতি এবং আতিথেয়তার মধ্যে একটি অর্থবহ সংযোগ তৈরিতে এ স্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ ও পর্তুগালের মধ্যে বন্ধুত্ব, সাংস্কৃতিক বিনিময় এবং আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি অতিথিদের মধ্যে বিশেষ সম্মাননা ও স্মারক উপহার বিনিময় করা হয়।

আন্তর্জাতিক প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন গ্লোবাল ফেয়ার পে চার্টারের অ্যাম্বাসেডর স্যার আসিফ নিসার বাজওয়া, যুক্তরাজ্যের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের কো-চেয়ার ফারহান-খান ফারানি, গ্লোবাল ফেয়ার পে চার্টারের পাকিস্তানবিষয়ক মিডিয়া ও জনসংযোগ প্রধান মোহাম্মদ তাহির চৌধুরী, লন্ডন টি এক্সচেঞ্জের পরিচালক মোহাম্মদ শালিম মুকিত আবদুল, গ্লোবাল ফেয়ার পে চার্টারের অ্যাম্বাসেডর মোহাম্মদ আজিজ-উর-রহমান, নিকোলাস পোগোজ ফাউন্ডেশনের চেয়ারম্যান পিটার ডেনিস পোগোজ, জাবিন চৌধুরী, লায়লা মিশেল গুরমুখ এবং লন্ডন টি এক্সচেঞ্জের অন্যান্য প্রতিনিধিরা।

উল্লেখ্য, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা, গবেষণা, উদ্ভাবন, সাংস্কৃতিক বিনিময় ও বৈশ্বিক সম্পৃক্ততা সম্প্রসারণে কাজ করে যাচ্ছে। পর্তুগালের রাজপরিবারের সদস্য ও আন্তর্জাতিক প্রতিনিধি দলের এ সফর দুই দেশের মধ্যে শিক্ষা, সংস্কৃতি ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ছবির ক্যাপশন: পর্তুগালের রাজপরিবারের সদস্য হার রয়্যাল হাইনেস মারিয়া ফ্রান্সিসকা দে ব্রাগাঞ্জা, ডাচেস অব কোইমব্রা, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খানকে ‘নাইট অব দ্য ক্রাউন রয়্যাল’ (Knight of the Crown Royal) সম্মাননা প্রদান করছেন।

সম্পর্কিত খবর