চাঁদপুরের পূজামণ্ডপগুলোতে প্রশাসনের কঠোর নজরদারি রাখতে হবে : মানিক এমপি

স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার (১৮ অক্টোবর) বেলা ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি তাঁর বক্তব্যে বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে হলে মশার লার্ভা ধ্বংস করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট দপ্তরের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। গত সেপ্টেম্বর মাসের তথ্য অনুযায়ী, চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ৫৫ হাজার রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। এত বিপুলসংখ্যক রোগীর সেবা নিশ্চিত করতে হাসপাতালের অবকাঠামো ও চিকিৎসাসেবার মান উন্নয়নে গুরুত্ব দিতে হবে।

ওএমএসের চাল বিতরণ প্রসঙ্গে এমপি মানিক বলেন, সাধারণ মানুষ সঠিকভাবে ওএমএসের চাল পাচ্ছে না। এ বিষয়ে ডিলারদের বিরুদ্ধে তদন্ত করে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। মানুষের প্রাপ্য সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনেরও নির্দেশ দেন তিনি।

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং প্রশাসনের নজরদারি বাড়াতে হবে। একই সঙ্গে মা ইলিশ রক্ষায় নদীতে প্রশাসনের তৎপরতা আরও জোরদার করার আহ্বান জানান তিনি। নদীতে অবাধে মা ইলিশ নিধনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এ ধরনের কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন সংসদ সদস্য।

শহরের পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষার বিষয়ে তিনি বলেন, যেখানে-সেখানে পোস্টার লাগিয়ে শহরের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা নষ্ট করা যাবে না। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। চাঁদপুরের এসবি খাল দখলমুক্ত করার পাশাপাশি যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা বন্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিদ্যুৎ সরবরাহের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে সংসদ সদস্য বলেন, নামাজের সময় কেন বিদ্যুৎ চলে যায়, এর পেছনের কারণ জানতে হবে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

হাইমচরের সড়ক উন্নয়ন প্রসঙ্গে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, উপজেলার অনেক রাস্তা জরাজীর্ণ হয়ে পড়েছে। এতে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত এসব সড়ক সংস্কার ও নির্মাণের উদ্যোগ নিতে হবে। সড়ক নির্মাণকাজে বিদ্যুতের খুঁটি ও গাছ প্রতিবন্ধকতা সৃষ্টি করলে সেগুলো দ্রুত অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন তিনি।

চাঁদপুর পাসপোর্ট অফিসে সেবাগ্রহীতাদের ভোগান্তির বিষয়টি তুলে ধরে তিনি বলেন, পাসপোর্ট অফিসকে দালালমুক্ত করতে হবে। সেবার নামে হয়রানি ও দুর্নীতির অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সাধারণ মানুষ যেন হয়রানি ছাড়াই সরকারি সেবা পেতে পারেন, তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

জনগণের সমস্যা সরাসরি জানার ওপর গুরুত্ব দিয়ে এমপি মানিক বলেন, আগামী শুক্রবার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের তাঁর বাসায় আসার আহ্বান জানান, যাতে তাঁরা মানুষের দুর্ভোগ ও সমস্যাগুলো সরাসরি দেখতে পারেন এবং সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নিতে পারেন।

এ ছাড়া কুকুর ও বিড়ালের জন্য টিকাদান কর্মসূচি চালুর ওপর গুরুত্বারোপ করেন তিনি। প্রাণীদের টিকাদান ও জলাতঙ্ক প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি জনস্বাস্থ্য ও প্রাণিসম্পদ সুরক্ষায় সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেন।

সভায় জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিক।

সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম, চাঁদপুর পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. বজলুর রশিদ, চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান, চাঁদপুর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আব্দুর রহমান খান, চাঁদপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. মোস্তফা কামাল, চাঁদপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. হুমায়ুন কবীর, চাঁদপুর সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রুহুল আমিন বাশীর, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার (চলতি দায়িত্ব) গোবিন্দ আগরওয়ালা, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সিনিয়র জেনারেল ম্যানেজার মো. আতিকুজ্জামান চৌধুরী, চাঁদপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহা. মেহেদী হাসান ভূঞা, চাঁদপুর মেঘনা-ধনাগোদা পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সেলিম শাহেদ, চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোছান্না গালিব, চাঁদপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু মুসা মোহাম্মদ ফয়সল, চাঁদপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. নুরুজ্জামান, চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মুজাহিদুল ইসলাম আলিফ, চাঁদপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জ্যোতির্ময় ভৌমিক, চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম, চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আবু তাহের, চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ানুর রহমান, চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ, চাঁদপুর গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী ইমরান হোসেন, চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক রোটারিয়ান মাহবুবুর রহমান, চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বিন আখতার (শরীফ), সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দীন এবং চাঁদপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কবির হোসেন সর্দার প্রমুখ।

সভায় আরও উপস্থিত ছিলেন চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. হারুন আর রশিদ, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. এন. জামিউল হিকমা, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাডভোকেট মনিরা বেগম চৌধুরীসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সম্পর্কিত খবর