চাঁদপুর শহরে সালিশি বৈঠকে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর শহরের বিষ্ণুদী এলাকায় জমি পরিমাপ নিয়ে সালিশি বৈঠকে এক ওয়ার্ড বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। আহত ওই নেতার নাম শামীম মিজি (৫৬)। তিনি চাঁদপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির ৪ নম্বর মহল্লা কমিটির সভাপতি। বর্তমানে তিনি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত শামীম মিজির পরিবারের সদস্যরা জানান, শহরের বিষ্ণুদী এলাকায় জমি পরিমাপের বিষয় নিয়ে থানার মাধ্যমে একটি উদ্যোগ নেওয়া হয়। আল আমিন ও ফরিদ খন্দকারের মধ্যে জমি পরিমাপ নিয়ে গত ১৭ অক্টোবর শনিবার সকালে সালিশি বৈঠক বসে। বৈঠকের একপর্যায়ে ওই এলাকার মৃত জব্বর খন্দকারের ছেলে মনির খন্দকার (৫০), তাঁর ভাতিজা মানিক খন্দকার, পারভেজ খন্দকার, মমিন খন্দকারসহ ৮ থেকে ১০ জন শামীম মিজির ওপর অতর্কিত হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

পরে শামীম মিজির স্বজনেরা তাঁকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

সদর মডেল থানায় লিখিত অভিযোগ :

এ ঘটনায় আহত শামীম মিজি বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, তাঁর নাম মো. শামীম মিজি (৫৬), পিতা মৃত আক্কাছ মিজি। তাঁর ঠিকানা উত্তর-পশ্চিম বিষ্ণুদী, ৯ নম্বর ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা, চাঁদপুর।

অভিযোগে শামীম মিজি দাবি করেন, অভিযুক্ত ব্যক্তিরা তাঁর পাশাপাশি বসবাস করেন। আল-আমিন গাজীর কাছ থেকে ফরিদ খন্দকার জমি ক্রয় করেছেন। ওই জমি সরেজমিনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সার্ভেয়ারের মাধ্যমে পরিমাপ করার সময় অভিযুক্ত ব্যক্তিরা তাঁর ওপর ক্ষিপ্ত হন এবং তাঁকে মারধর করার জন্য কয়েকবার তেড়ে আসেন।

পরবর্তীতে বিষয়টি মীমাংসার জন্য গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় সালিশি বৈঠক বসলে অভিযুক্ত ব্যক্তিরা পূর্বপরিকল্পিতভাবে কাঠের রুয়া, লোহার রড ও জিআই পাইপ দিয়ে তাঁকে এলোপাতাড়ি আঘাত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এতে তাঁর হাত, পা, পিঠ, মাজাসহ শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম হয় বলে তিনি দাবি করেন।

অভিযোগে আরও বলা হয়, তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তিরা এ বিষয়ে কাউকে কিছু জানালে তাঁকে প্রাণনাশের হুমকি দেন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে ভর্তি করেন।

এ ছাড়া অভিযুক্ত ব্যক্তিদের কারণে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগে উল্লেখ করেন শামীম মিজি।

ঘটনার সময় চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

সম্পর্কিত খবর