
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দ করা চাল সঠিকভাবে বিতরণ হচ্ছে কি না, তা সরেজমিনে দেখতে আকস্মিক পরিদর্শন করেছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
গতকাল শনিবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে তিনি লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে জেলেদের জন্য বরাদ্দ করা চাল বিতরণ কার্যক্রমের খোঁজখবর নেন। এ সময় তিনি উপস্থিত জেলেদের সঙ্গে কথা বলেন এবং দায়িত্বপ্রাপ্ত মৎস্য কর্মকর্তার কাছ থেকে চাল বিতরণ কার্যক্রমের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চান।
পরিদর্শনকালে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক জেলেদের জন্য সরকারি বরাদ্দের চাল যথাযথভাবে বিতরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। প্রকৃত জেলেরা যাতে তাঁদের প্রাপ্য চাল থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
তিনি বলেন, জেলেদের জন্য সরকার যে চাল বরাদ্দ দিয়েছে, তা নির্ধারিত নিয়মে প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছাতে হবে। বরাদ্দের চাল বিতরণে কোনো ধরনের অনিয়ম, অবহেলা কিংবা বৈষম্য যেন না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সংসদ সদস্যের এ আকস্মিক পরিদর্শনের মাধ্যমে লক্ষ্মীপুর ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দ করা চাল বিতরণ কার্যক্রমের বাস্তব পরিস্থিতি সম্পর্কে সরাসরি খোঁজ নেওয়া হয়। জেলেদের প্রাপ্য সরকারি সহায়তা নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তাছলিমা বেগমসহ জেলে, কোস্টগার্ড সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।




